আইন-আদালত

দেবহাটায় শামীম হত্যা: জামায়াত নেতা সাদিকুল গ্রেপ্তার

দেশ টাইমস-
দেশ টাইমস- আইন-আদালত ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

রঘুনাথ খাঁ, জ্যেষ্ঠ প্রতিবেদক:

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের বড় শান্তা গ্রামের ওয়াহেদুজ্জামান শামীমকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গণপিটুনিতে হত্যার ঘটনায় কুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও সুবর্ণাবাদ সেন্ট্রাল হাইস্কুলের ধর্মীয় শিক্ষক সাদিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে পারুলিয়া ইউনিয়ন পরিষদের নিকটবর্তী কদবেলতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাদিকুল ইসলাম (৩৪) দেবহাটা উপজেলার কুলিয়া মাঝেরপাড়া গ্রামের আব্দুল মজিদ সানার ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা দেবহাটা থানার উপপরিদর্শক (এসআই) আহম্মদ আলী জানান, ওয়াহেদুজ্জামান শামীম হত্যা মামলার সন্দেহভাজন আসামি সাদিকুল ইসলামকে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে রোববার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হবে।

মামলার বাদী আব্দুল জলিল জানান, জামায়াত নেতা সাদিকুল ইসলাম তার ভাইকে মারধর ও নির্যাতনের জন্য অন্যদের আহ্বান জানিয়েছিলেন। এ সংক্রান্ত প্রমাণ ভিডিও ফুটেজে রয়েছে বলে তিনি দাবি করেন।

এদিকে, সখীপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক, আনসার ও পুলিশের উপস্থিতিতে ওয়াহেদুজ্জামান শামীমকে নৃশংসভাবে পিটিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগ উঠলেও হাসপাতাল কর্তৃপক্ষ এখন পর্যন্ত হামলাকারীদের বিরুদ্ধে কোনো মামলা করেনি বলে জানা গেছে।

আদালত সূত্রে জানা গেছে, এ মামলার এজাহারভুক্ত আসামি কামরুল ইসলাম, মোবারক আলী, মিজানুর রহমান, আজাহারুল ইসলাম ও মাসুদ হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। জামিনের মেয়াদ শেষে তাদের জেলা ও দায়রা জজ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী আবুল কাশেমের মেয়ে মোছলেমা, ছেলে হোসেন আলী এবং একই এলাকার মাসুদের মোবাইল ফোনে ধারণ করা কথোপকথনে ধর্ম অবমাননার অভিযোগের সূত্র ধরে গত ১২ অক্টোবর সন্ধ্যায় স্থানীয় জামায়াত অফিসের সামনে থেকে সংঘবদ্ধভাবে ওয়াহেদুজ্জামান ওরফে শামীমের বাড়িতে হামলা চালানো হয়।

পরদিন ১৩ অক্টোবর সন্ধ্যায় কুলিয়ার ডা. এমএ সবুরের ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শামীমের ওপর আবারও হামলার ঘটনা ঘটে। একই দিন পারুলিয়া থেকে মিছিল নিয়ে একদল লোক সখীপুর হাসপাতালের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে পুলিশ, আনসার ও কর্তব্যরত চিকিৎসকদের উপস্থিতিতে চিকিৎসাধীন শামীমের ওপর নির্মম নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই আব্দুল জলিল বাদী হয়ে ফজলুল হক আমিনী, যুবদল নেতা সাদিকুল ইসলাম ভদু, মোস্তফার খান ও আসাদুল মোল্লাসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করে ১৫ অক্টোবর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর ১৫ অক্টোবর রাতে মোস্তফার খান, ১৬ অক্টোবর সকালে আসাদুল মোল্লা এবং ১৭ অক্টোবর ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার করা হয়। পরদিন ফজলুল হক আমিনী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরবর্তী সময়ে সাদিকুল ইসলাম ভদুও গ্রেপ্তার হওয়ার পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এ ঘটনায় নতুন করে জামায়াত নেতা সাদিকুল ইসলামের গ্রেপ্তারের মধ্য দিয়ে শামীম হত্যা মামলার তদন্তে নতুন মাত্রা যুক্ত হয়েছে।