আগামী ৫ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সাতক্ষীরা আগমন উপলক্ষে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করেছে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াত। এ উপলক্ষে শুক্রবার (২৭ নভেম্বর) রাতে সাতক্ষীরা সদর উপজেলা জামায়াত কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী প্রফেসর আব্দুল ওয়ারেছ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রফেসর সহিদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আব্দুল ওয়ারেছ বলেন, আগামী ৫ ডিসেম্বর আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সাতক্ষীরা আগমন দলীয় নেতাকর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কর্মসূচি সফল ও সার্থক করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের কাছে আগমনের বার্তা পৌঁছে দিয়ে কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
বিশেষ অতিথি প্রফেসর সহিদুর রহমান বলেন, বড় ধরনের কর্মসূচি সফল করতে শৃঙ্খলা, সমন্বয় ও সাংগঠনিক দক্ষতার পরিচয় দিতে হবে। প্রতিটি ওয়ার্ড থেকে সর্বোচ্চসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি নিশ্চিত করতে দায়িত্বশীলদের কার্যকর ভূমিকা রাখতে হবে।
সভাপতির বক্তব্যে মাওলানা জাকির হোসেন উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দ্রুত গণসংযোগ ও প্রস্তুতিমূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শাহীনুর রহমান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আলী আহসান আল মুজাহিদ, ইউনিয়ন টিমের সদস্য এবং বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিরা।
সভায় ৫ ডিসেম্বরের কর্মসূচি সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। একই সঙ্গে দায়িত্ব বণ্টন ও প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।










