বিএনপি

নৈরাজ্য-সহিংসতা প্রতিরোধে সাতক্ষীরায় বিএনপির যৌথ আলোচনা সভা

শেখ আমিনুর হোসেন,
শেখ আমিনুর হোসেন, বিশেষ সংবাদদাতা
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার
সারা দেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ষড়যন্ত্রমূলক নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধ এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে সাতক্ষীরায় যৌথ আলোচনা সভা করেছে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব।
সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট ইফতেখার আলী, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান, সাতক্ষীরা পৌর মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতী এবং যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান ও কামরুল ইসলাম ফারুক, সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হবি, জেলা বিএনপির সদস্য মাসুম বিল্লাহ সাহিন, জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমান, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মাহমুদুল হাসান, জেলা মহিলা দলের আহ্বায়ক ফরিদা আক্তার বিউটি, জেলা যুবদলের সভাপতি মুকুল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা তাঁতী দলের সভাপতি সাহরিয়ার রিপন, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ আল কাফি, জেলা বাস্তহারা দলের সভাপতি সাইদুর রহমান পলাশসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনায় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর রাজনৈতিক প্রতিকূলতা, নির্যাতন ও নানা বাধার মধ্যেও বিএনপির নেতাকর্মীরা দলের আদর্শ ও রাজনৈতিক অবস্থান থেকে সরে যাননি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং রাজনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠার লক্ষ্যে তারা ধারাবাহিকভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন।
বক্তারা বলেন, দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থ, জননিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তারা আরও বলেন, সহিংসতা, বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ সৃষ্টিকারী যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন হতে হবে। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকা জরুরি।
সভায় আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিতে নেতাকর্মীদের শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও দায়িত্বশীলভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সাতক্ষীরায় রাজনৈতিক সম্প্রীতি, জননিরাপত্তা ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে দলীয় ঐক্য আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।