খুলনা

গোপালগঞ্জে অস্ত্র হাতে নিষিদ্ধ সংগঠনের শোডাউন ও সড়ক অবরোধ

খুলনা ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন এবং ছাত্রলীগের কয়েক শ নেতা-কর্মী দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন। তাদের হাতে রামদা, হকিস্টিক, চায়নিজ কুড়াল ও লগি-বইঠার মতো অস্ত্র দেখা গেছে। সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে তারা মহাসড়কের বিভিন্ন স্থানে জড়ো হন এবং বেলা ১১টার দিকে সশস্ত্র অবস্থায় মহড়া দেন। আজ বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টির মধ্যেই ঘোনাপাড়া এলাকায় লোকজন জড়ো হতে থাকেন। একটি স্থানে টায়ারে আগুন ধরিয়ে রামদাসহ দেশীয় অস্ত্র হাতে বিক্ষোভ করতে দেখা যায় কয়েকজনকে। স্থানীয় সূত্র জানায়, সেখানে যুবলীগের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। ওই স্থান দিয়ে হেঁটেও চলাচল করতে পারছেন না কেউ। যন্ত্রের সাহায্যে সড়কের পাশে থাকা গাছগুলো কেটে রাস্তায় ফেলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

স্থানীয়রা জানান, শহরজুড়ে বিভিন্ন মোড়ে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া মোড় থেকে শহরের প্রবেশমুখ, নীলা মাঠ এলাকা, হাসপাতাল মোড় ও সার্কিট হাউস মোড়সহ বিভিন্ন পয়েন্টে গাছ ফেলে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু কিছু স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। এ ছাড়া টুঙ্গিপাড়া থানায় আগুন দেওয়ার মতো কর্মকাণ্ডও চালানো হয়েছে বলে জানা গেছে। সড়কের যেসব জায়গায় গাছ ফেলে অবরোধ করা হয়েছে, সেখানেও পিকেটারদের দেখা গেছে। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেরিয়ে নীলা মাঠ এলাকায় সড়কে অন্তত তিন জায়গায় গাছের গুঁড়ি পড়ে আছে। কয়েকটি স্থানে টায়ার ও গাছের গুঁড়িতে আগুন ধরানো হয়।

সড়কগুলোতে প্রতিবন্ধকতা থাকায় যানবাহন চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। জরুরি প্রয়োজনে বের হওয়া সাধারণ মানুষ ও কর্মজীবীরা চরম দুর্ভোগে পড়েছেন। যেমন, চক্ষু হাসপাতালে কর্মরত দুই নারী পায়ে হেঁটে গন্তব্যে যাওয়ার সময় জানান, যানবাহন না পাওয়ায় তাদের বৃষ্টিতে ভিজেই পথ চলতে হচ্ছে। শহরজুড়ে রিকশা বা ইজিবাইক চললেও তা ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে চলছে, ফলে যাত্রীদের বারবার গাড়ি বদলাতে হচ্ছে। পিকেটার ছাড়া সড়কে সাধারণ মানুষের চলাচল নেই বললেই চলে। সকালে সদরের রাস্তাঘাট ছিল প্রায় ফাঁকা। তবে জরুরি প্রয়োজনে ও অফিসের উদ্দেশে যাঁরা বের হয়েছেন, তাঁরা যানবাহন পাননি। ফলে যাত্রীদের কিছু দূর গিয়েই নেমে যেতে হচ্ছে, তারপর আবার অন্য ভ্যান বা ইজিবাইকে উঠতে হচ্ছে।

মহাসড়কে পণ্যবাহী যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

বুধবার রাত থেকে সদর উপজেলার চরপাথালিয়ার দোলা পাম্প এলাকায় অন্তত দেড় শতাধিক ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপ আটকা পড়ে আছে। এরপর রাত ১০টার দিকে দোলা পাম্পে এসে আর এগোতে পারেনি।

সিলেট থেকে পাথর নিয়ে আসা ট্রাকচালক মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার রওনা দিয়ে বুধবার রাতে গোপালগঞ্জে প্রবেশের পর থেকে তিনি আটকা পড়েছেন। মুকসুদপুর ও উজলপুরে গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে রাস্তা বন্ধ করা হয়েছে। পুলিশ লাইনস এলাকার প্রতিবন্ধকতা পার হলেও দোলা পাম্পের কাছে এসে তারা পুরোপুরি আটকে যান। তিনি বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় সিলেট থেকে রওনা দিয়ে গতকাল ঢাকার মহাখালীতে যাত্রাবিরতি করেন। মোহাম্মদ আলী বলেন, মুকসুদপুরে গাছ ফেলে রাস্তা আটকানো ছিল, তবে লোড গাড়ি দেখে ছেড়ে দেওয়া হয়।

আটকা পড়া অন্যান্য ট্রাক ও পিকআপ চালকরা অভিযোগ করেছেন, রাস্তা পার করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েক ব্যক্তি তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। পাথরবোঝাই ট্রাকের চালক মো. তুহিন জানান, বাগেরহাটের সীমানা কাছে হলেও প্রতিবন্ধকতার কারণে গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। রাস্তাটুকু পার করে দেওয়ার কথা বলে কয়েকজন তাঁর কাছ থেকে ৫০০ টাকা নেয়।

বিক্ষোভকারী নিষিদ্ধ সংগঠনের নেতারা দাবি করেছেন, গত রাতে মহাসড়কে অ্যাম্বুলেন্সসহ বেশ কয়েকটি যানবাহনে চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তাই তারা এলাকা নিরাপদ রাখতে ও ছিনতাইকারী দমনে ব্যবস্থা নিচ্ছেন। এ সময় সকাল সোয়া ৯টার দিকে ঘোনাপাড়া গোলচত্বরের রেলিংয়ে দুজনকে বেঁধে রাখতে দেখা যায়, যাদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে।

সকাল থেকেই গোপালগঞ্জের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কিছু দোকান খোলা দেখা গেছে। বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের কোনো উপস্থিতি নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও মহাসড়কের প্রতিবন্ধকতা দূর করার বিষয়ে প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।