প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার লালমনিরহাট সফরে এসেছেন তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা ২৫ মিনিটে হেলিকপ্টারযোগে তিনি লালমনিরহাট বিমানবন্দরে পৌঁছান। তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীবেষ্টিত এই সীমান্তবর্তী জেলায় প্রায় দুই দশক পর তার সফরকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দীর্ঘদিনের অবহেলিত এই জনপদের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছ থেকে নতুন কোনো বিশেষ ঘোষণা আসবে বলে আশায় বুক বেঁধেছেন স্থানীয়রা।
প্রধানমন্ত্রীর এই সফরকে স্মরণীয় করে রাখতে লালমনিরহাটকে উৎসবের সাজে সাজানো হয়েছে। শহর ও এর আশপাশের প্রধান সড়কগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে, এছাড়া সড়কের ধারের গাছপালা ও সরকারি স্থাপনাগুলোকে নতুন রঙে রাঙানো হয়েছে। গ্রামীণ আবহ ফুটিয়ে তুলতে সড়কের বিভিন্ন মোড়ে গ্রামবাংলার জীবনযাত্রার নানা অনুষঙ্গ প্রদর্শন করা হচ্ছে। তার নিরাপত্তায় জেলায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিশ্ছিদ্র ব্যবস্থা। ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিটের তল্লাশির পাশাপাশি পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিপুলসংখ্যক গোয়েন্দা সদস্য মোতায়েন রয়েছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী লালমনিরহাট অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করবেন এবং সেখানে আয়োজিত ‘প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা’য় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। এরপর তিনি সদর উপজেলার মহেন্দ্রনগরের মন্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ প্রকল্পের উদ্বোধন করবেন এবং একটি জনসভায় বক্তব্য রাখবেন।
দিনের শেষভাগে বিকেলে কালেক্টরেট মাঠে সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট’-এর ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। সকল কর্মসূচি শেষে বিকেল ৪টায় তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জানানো হয়েছে।










