নাটোরের গুরুদাসপুর উপজেলায় ছাত্রনেতা শাকিল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার নাটোর-৪ আসনের বিএনপি এমপি আব্দুল আজিজের ছেলে যুবদল নেতা নুরুজ্জামান মিন্টুকে দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয় থেকে তাকে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।
এরপর তাকে গুরুদাসপুর আমলী আদালতে হাজির করা হলে বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন। পরে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারে নিয়ে যাওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক শফিকুল ইসলাম জানান, অধিকতর তদন্তের জন্য মিন্টুকে আদালতের অনুমতি সাপেক্ষে দুই দিনের রিমান্ডে আনা হয়েছিল।
এর আগে ২৬ অক্টোবর রাতে শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ডিবি পুলিশ সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরের দিন তাকে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয় এবং আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলার তদন্ত অত্যন্ত গুরুত্বের সঙ্গে এগিয়ে চলছে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় শাকিল হামলার শিকার হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ২৬ অক্টোবর রাতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম।










