
পবিত্র ঈদুল ফিতর-২০২৬ কে সামনে রেখে গোপালগঞ্জ জেলা প্রশাসকের দিকনির্দেশনায় সমগ্র জেলাব্যাপী ভ্রাম্যমান আদালত পৃথক পৃথক অভিযান পরিচালনা করেছে।
বুধবার (১৮ মার্চ '২৬) গোপালগঞ্জ জেলার সদর উপজেলার পুলিশ লাইনে *সড়ক পরিবহন আইন ২০১৮* মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ০১ টি মামলায় ২,০০০/- (দুই হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এছাড়া এসময় অত্র এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয় এবং গোপালগঞ্জ ফিলিং স্টেশন, শরীফ নুরজাহান ফিলিং স্টেশন ও দোলা ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুদ ও বিতরণ তদারকি করা হয়।
পরবর্তীতে গোপালগঞ্জ সদরের উত্তর গোবরা পূর্বপাড়ায় (নীলামাঠের পাশে) একটি আইসক্রিম ফ্যাক্টরিতে *ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯* এর ৫২ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার প্রভৃতি অপরাধ আমলে গ্রহণপূর্বক উক্ত ধারায় ০১ মামলায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এদিকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লার নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।