সাতক্ষীরা -০৪ শ্যামনগর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ডক্টর মোঃ মনিরুজ্জামান এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শ্যামনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সোমবার (০৯ ফেব্রুয়ারি ‘২৬) বিকাল ৩ টায় নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা বিএনপি-র যুগ্ম-আহবায়ক ও সাতক্ষীরা -০৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-র কেন্দ্রীয় কমিটির সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ এম সাইফুল আলী খাঁন ও সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ।
প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির বলেন, ধানের শীষের ভোট দিয়ে ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে আপনাদের এলাকার উন্নয়ন হবে। হাসপাতাল, রাস্তা ঘাট, পর্যটন খাত, সুপেয় পানি সহ সকল বিষয়ে উন্নয়নের ছয়লাব হবে ইনশাআল্লাহ।
সাতক্ষীরা ৪ আসনের ধানের শীষের প্রার্থী ডক্টর মনিরুজ্জামান বলেন, সুন্দরবনকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। একটি ডোমেস্টিক এয়ারপোর্ট, কারিগরি বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে। শ্যামনগর সরকারি মহসীন কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নিত করা হবে। নির্বাচনের পর অতীতের মতো ভিন্ন মতাদর্শের মানুষদের কোনো ধরনের হয়রানি করা হবে না। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দলটির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণানুযায়ী মসজিদের ইমাম-মুয়াজ্জিনের পাশাপাশি গির্জা, প্যাগোডা ও মন্দিরের পুরোহিতদেরও সরকারি বেতনের আওতায় আনা হবে।