
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি ও কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, কলারোয়া উপজেলা একটি সীমান্তবর্তী উপজেলা। আমি নির্বাচিত হলে কলারোয়া উপজেলাকে চোরাচালান ও মাদক নির্মূল করা হবে। এই উপজেলার সীমান্ত ঘেঁষা ইউনিয়ন চন্দনপুর। এখানে চোরাচালান ও মাদক ব্যবসায়ীদের কারণে যুবসমাজসহ বিভিন্ন শ্রেণীর লোক অপরাধের সাথে জড়িত হচ্ছে, তাই আমি কথা দিচ্ছি শুধু চন্দনপুর নয় কলারোয়া উপজেলাকে চোরাচালান ও মাদক নির্মূল করা হবে।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি '২৬) বিকালে চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চন্দনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক সর্দারের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মোল্লা, তালা উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু, কলারোয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন, কলারোয়া পোর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান তুহিন প্রমুখ।
এদিকে, জনসভায় বক্তব্যে চলাকালীন সময় অসুস্থ হয়ে পড়েন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। তাৎক্ষণিকভাবে তাকে সাতক্ষীরা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানকার কর্তব্যরত চিকিৎসক আসাদুজ্জামান জানান, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তিনি এখন অনেকটা ভালো রয়েছেন।