
সাতক্ষীরার তালার প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ বিনিময় করে চলেছেন সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) আসনের কংগ্রেস মনোনীত সংসদ সদস্য প্রার্থী এড. ইয়ারুল ইসলাম।
শুক্রবার (১৬ জানুয়ারি '২৬) সকাল থেকে জুম্মার পূর্ব মুহূর্ত পর্যন্ত তালা উপজেলার মির্জাপুর, কুমিরা, পাটকেলঘাটা, শোভাশিনী, লাউতাড়া, পাঁচরখি, তেঁতুলিয়া, জাতপুর, আলাদীপুরসহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ বিনিময় ও তাদের খোঁজ খবর নেন।
বিভিন্ন অঞ্চলে সাধারণের সাথে মতবিনিময়কালে এড ইয়ারুল ইসলাম বলেন, দ্রুত এমপি হওয়া বা ক্ষমতায় যাওয়ার লোভে যেভাবে নীতি আদর্শ জলাঞ্জলি দেয়া হচ্ছে, তাতে মানুষ ভবিষ্যতে আর কাউকে (রাজনীতিক) বিশ্বাস করবে না। এসব সুবিধাবাদি লোকগুলো দেশ ও সমাজের স্বার্থের চেয়ে নিজেদের স্বার্থকে প্রাধান্য দেয়। বাংলাদেশ কংগ্রেস এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট ইয়ারুল ইসলাম মতবিনিময়কালে আরো বলেন, নির্বাচন রাজনীতির একটা অংশ। নির্বাচনে হার জিত বড় কথা নয়। রাজনীতিতে বহুমুখী কাজের সাথে যুক্ত হওয়ার সুযোগ থাকে।
রাজনৈতিক কর্মকান্ডের মাধ্যমে অনেক জায়গায় যাওয়া যায়, অনেক মানুষের সাথে পরিচয় হয়, জ্ঞানের আদান-প্রদান হয়, কাজের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ে। পৃথিবীর প্রায় সব শ্রেষ্ঠ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির সাথে যুক্ত ছিলেন। রাজনৈতিক কর্মকান্ডের মধ্যে নির্বাচন অন্যতম। নির্বাচনের মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষের কাছাকাছি যাওয়ার সুযোগ হয় এবং সমাজে নিজের অবস্থান পরিমাপ করা যায়।