
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা আহছানিয়া মিশনের কার্যনির্বাহী কমিটি গঠন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর '২৫) সকাল ১০ টার দিকে নলতা শরীফ শাহী জামে মসজিদের দ্বিতীয় তলায় এক সাধারণ সভায় আলোচনার মধ্যদিয়ে এ কমিটি গঠন করা হয়।
উক্ত সভায় নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ আফতাবুজ্জামানের সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য ইকবাল মাসুদের সঞ্চালনায় সদস্যদের সর্বসম্মতিক্রমে ২ বছর মেয়াদী পূর্বের কমিটি বিলুপ্তি করে নতুন কার্য নির্বাহী কমিটি গঠন কাজ সম্পন্ন হয়।
সভায় উপস্থিত সকল সদস্য ও খান বাহাদুর আহছানুল্লাহ (রা:) এর পরিবারের সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী এ এইচ এম মাহফুজুল হককে সভাপতি, ডাঃ মোঃ নজরুল ইসলাম কে সাধারণ সম্পাদক এবং নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ ইউনুছ আলীকে কোষাধক্ষ্য করে আগামী ২ বছরের জন্য ৩০ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। গঠিত কমিটি উক্ত প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষে মেয়াদ পর্যন্ত সার্বিক দায়িত্ব পালন করিবেন।
এদিকে এক বার্তায় সভাপতি এ এইচ এম মাহফুজুল হক জানিয়েছেন, নলতা আহছানিয়া মিশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আমি সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই প্রতিষ্ঠানটির একটি গৌরবময় ঐতিহ্য রয়েছে, যা সততা, মানবসেবা ও নৈতিকতার ওপর প্রতিষ্ঠিত।
সভাপতি হিসেবে আমার অগ্রাধিকার হবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করা। আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে এনে দুর্নীতিমুক্ত পরিবেশ গয়ে তোলাই হবে এ কমিটির লক্ষ্য। সকল সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় নলতা আহছানিয়া মিশনকে তার পুরোনো গৌরব ও মর্যাদায় পুনরুদ্ধার করা সম্ভব বলে আমি বিশ্বাস করি।