
অপার্থিব গোলাপ
গোলাপ ফুটেছে—কিন্তু কি লাভ?
তার গন্ধে যদি বিষাদ ছড়ায়
অথবা নিঃসঙ্গ দুপুরের রোদে
তার রং ঝরে পড়ে নিঃশব্দে!তুমি কি জানো, চুম্বন মানেই শুধু ঠোঁটের ভীড় নয়—
কখনো তা শূন্যতার গভীর কবর;
যেখানে পাপড়ির মতো স্বপ্নগুলো
অস্পষ্ট শবদেহ হয়ে যায়।তোমার চোখ দুটি—কালো রাতের মতো গভীর
কিন্তু কি লাভ যদি সে রাত
আমাকে একটিবারও পথ হারাতে না দেয়!
যদি তার বিস্ময় আমাকে টেনে না নেয়
এক অবিচ্ছিন্ন অথচ স্বপ্নময় মৃত্যুর দিকে?তুমি হাসো—নদীর ধারে ছড়ানো শঙ্খচিলের মতো,
কিন্তু কি লাভ যদি সে হাসির ছায়া
আমার বিষণ্নতাকে ঢেকে না ফেলে?
যদি তার আলো আমাকে ছুঁয়ে না যায়
এক অনন্ত সান্ত্বনার মতো?গোলাপের ঠোঁট, চোখের গভীরতা, হাসির নক্ষত্র—
সবই হয়তো আছে;
কিন্তু যদি আমার যন্ত্রণা তাতে আশ্রয় না পায়,
তবে কি লাভ এই রঙিন অস্তিত্বের?প্রেম নগর
১৯ ফেব্রুয়ারি, ২০২৫