
আদ্রিতার কাছে নিবেদন
কেমন আছেন? ভালোই তো?
এই শহরে ভালো থাকা যেন এক পুরোনো গল্পের মতো,
যা কেউ শোনে, কিন্তু বিশ্বাস করে না।
অনেকদিন হলো আপনার কোন খবর পাইনি,
জানতে ইচ্ছে করে,
আপনার আঁকা শেষ ছবিটা কি এখনো দেয়ালে ঝুলছে?
নাকি সময়ের ধুলো তাতে অলক্ষ্যে জমে গেছে?কাল রাতে বউয়ের চোখে জল দেখেছি,
কিন্তু কারণ জিজ্ঞেস করিনি।
ওর নরম হাতে কঠিন সংসারের ভার,
আর আমার কবিতার খাতা খোলা নেই বহুদিন।
তবু, মাঝে মাঝে কলমের নিবে
আপনার নাম লেখা হয়ে যায়—
আদ্রিতা।আপনাকে বলা হয়নি,
আমি এখন চাঁদ দেখি না,
বই পড়ি না,
রঙের ক্যানভাসে আমার হাত আর কাঁপে না।
তবু, মন জানে,
আমার প্রতিটি কবিতার শব্দ,
প্রতিটি বিরামচিহ্ন,
সবই আপনাকে ঘিরে।আদ্রিতা, জানেন?
আজকাল আমি অন্ধকারে হাঁটতে ভয় পাই।
বুকে চিনচিনে ব্যথা হলে
বউ জিজ্ঞেস করে,
“স্বপ্ন দেখেছো?”
আমি হেসে বলি, “হ্যাঁ, স্বপ্ন।”
কিন্তু বলতে পারি না,
সে স্বপ্নে আপনি আছেন,
আপনার হাসি আছে,
আর আছে আমাদের ফেলে আসা দিনগুলো।আদ্রিতা,
আপনার আঁকা শেষ পাতা কি আজও ভরা হয়নি?
নাকি জীবনের রং ফুরিয়ে গেছে?
আমার এখনো মনে হয়,
আপনার মতো কেউ
কবিতার শব্দ, রঙের ক্যানভাস,
আর শরতের মেঘ দেখে হাসতে পারে।আপনার খোঁজে,
এক ক্লান্ত দিনের কবি।