
বিস্ফোরক লাইসেন্স নবায়ন না করা এবং অনুমোদিত সংখ্যার চেয়ে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে গোপালগঞ্জে এক গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২ অক্টোবর '২৬) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জেলা শহরের চর সোনা কুড় এলাকার শ্মশান ব্রিজ-সংলগ্ন "মেসার্স নিপুন প্রযুক্তি" র গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়। সাজাপ্রাপ্ত ব্যবসায়ীর নাম শেখ যোবায়ের শেখ। তিনি ওই প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী ও শহরের মো. আবু দাউদের শেখ -এর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে "মেসার্স নিপুন প্রযুক্তি"র গোডাউনে তল্লাশি চালানো হয়। এ সময় দেখা যায়, ওই গোডাউনের বিপরীতে থাকা বিস্ফোরক লাইসেন্সের মেয়াদ শেষ হলেও তা নবায়ন করা হয়নি। পাশাপাশি লাইসেন্সে অনুমোদিত সীমার চেয়ে অনেক বেশি পরিমাণে বিপজ্জনক গ্যাস সিলিন্ডার মজুদ রাখা হয়েছে।
আইন লঙ্ঘনের অপরাধে গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসায়ী শেখ যোবায়েরকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজম জানান, অনুমোদনহীন ও অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুদ রাখা জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ।
তিনি বলেন, "জননিরাপত্তা নিশ্চিত করা, আইন অনুযায়ী গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রয় নিশ্চিত করা এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থ দন্ড প্রাপ্ত ব্যবসায়ী সহ জেলায় এলপিজি গ্যাস ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করতে দেখা যায়। সেখানে তাদেরকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকে কেন্দ্র করে চরম ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হলে সাধারণ জনগণ প্রশাসনকে সাধুবাদ জানিয়ে জনস্বার্থে অসাধু সকল চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রাখার অনুরোধ জানান। সাধারণ জনগণ বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তারা দুর্বিষহ জীবন যাপন করছেন। এর মধ্যে যদি নিত্য প্রয়োজনীয় এলপিজি গ্যাস অবৈধভাবে মজুদ করে বিনা কারণে দাম বাড়িয়ে দেয় তাহলে সরকারের প্রতি সাধারণ জনগণের আস্থা কমে যাবে। তাই বাজারে নিত্যপণ্য দ্রব্যমূল্যের দাম কৃত্রিম সংকট তৈরি করে বাড়াতে না পারে সে জন্য সরকার তথা প্রশাসনকে প্রতিদিন জেলার সকল বাজারে মনিটরিং বাড়ানোর অনুরোধ জানান।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.