
‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা কিউআর কোডের ব্যবহার বাড়াতে ও গ্রাহকদের সচেতন করার লক্ষ্যে সাতক্ষীরায় এক র্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাতক্ষীরা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
সমাবেশ ও র্যালিতে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক, সাতক্ষীরা প্রধান অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এস এম এ কাইয়ুম, সহকারী মহাব্যবস্থাপক মো. রুহুল কুদ্দুস এবং সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মো. আব্দুস সেলিম।
অনুষ্ঠানে মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এস এম এ কাইয়ুম বলেন, "স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম পূর্বশর্ত হলো লেনদেনকে ক্যাশলেস করা। বাংলা কিউআর কোডের মাধ্যমে যেকোনো ব্যাংকের গ্রাহক সহজেই নিরাপদ ও দ্রুত লেনদেন করতে পারবেন। প্রান্তিক পর্যায়েও এই প্রযুক্তি পৌঁছে দিতে কৃষি ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।"
সহকারী মহাব্যবস্থাপক মো. রুহুল কুদ্দুস তাঁর বক্তব্যে বলেন, "নগদ টাকার ঝুঁকি এড়াতে ও ডিজিটাল লেনদেনে উৎসাহ বাড়াতে ব্যাংকগুলো এখন গ্রাহকদের নানা সুবিধা দিচ্ছে। বাংলা কিউআর ব্যবহার বাড়লে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে।"
সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মো. আব্দুস সেলিম উপস্থিত গ্রাহকদের উদ্দেশে বলেন, "আমাদের লক্ষ্য শুধু ব্যাংকিং সুবিধা দেওয়া নয়, বরং গ্রাহকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। এখন থেকে খুচরা কেনাকাটা থেকে শুরু করে সব ধরনের লেনদেন স্মার্টফোনের মাধ্যমে সহজ ও নিরাপদ করা সম্ভব।"
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিআরএম (CRM) অফিসের কর্মকর্তা, সাতক্ষীরা শাখার কর্মকর্তা-কর্মচারী, ব্যাংকের গ্রাহক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.