
সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মৌলিক শিক্ষাদক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর '২৬) বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (SMC) সভাপতি আব্দুর রহমান, সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক সানজিদা শাহনাজ সোমা, শিক্ষক ও শিক্ষার্থীদের মা–অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায়ের ভাষা ও গণিতের দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে এফএলএন (FLN—Foundational Literacy and Numeracy) কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের ভাষা ও গণিতে মৌলিক দক্ষতা নিশ্চিত করার বিষয়টি তুলে ধরা হয়।
আলোচনায় বলা হয়, শিক্ষার্থীরা বাংলা দেখে সাবলীলভাবে পড়তে পারবে, পড়ার বিষয়বস্তু বুঝতে পারবে এবং বাংলার চারটি মৌলিক দক্ষতা—শোনা, বলা, পড়া ও লেখা—অর্জন করবে। পাশাপাশি গণিতে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ—এই চারটি মৌলিক নিয়মে দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রধান শিক্ষক সানজিদা শাহনাজ সোমা বলেন, প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্ত করতে শিক্ষার্থীদের ভাষা ও গণিতের মৌলিক দক্ষতা অর্জন জরুরি। বিদ্যালয়ে শিক্ষকদের প্রচেষ্টার পাশাপাশি বাড়িতে মা–বাবার সহযোগিতা থাকলে শিশুদের শিখন আরও কার্যকর হবে। তাই সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর পাশাপাশি বাড়িতেও পড়াশোনার প্রতি নজর দেওয়ার জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
SMC সভাপতি আব্দুর রহমান বলেন, শিশুদের প্রাথমিক শিক্ষার ভিত শক্ত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। FLN-এর মাধ্যমে শিক্ষার্থীরা যেন বাংলা পড়ে বুঝতে পারে এবং গণিতে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করতে পারে, সে লক্ষ্য অর্জনে বিদ্যালয়, শিক্ষক ও অভিভাবকদের একসঙ্গে কাজ করতে হবে। এ ক্ষেত্রে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা থাকবে।
সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনার অগ্রগতি পর্যবেক্ষণ এবং বিদ্যালয়ের সঙ্গে অভিভাবকদের নিয়মিত যোগাযোগ রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় অংশ নেওয়া অভিভাবকেরা শিক্ষার্থীদের মৌলিক ভাষা ও গণিতের দক্ষতা অর্জনে বিদ্যালয়ের উদ্যোগের সঙ্গে সহযোগিতা করার আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.