
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান সোমবার ও মঙ্গলবার (০৭ ও ০৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টায় প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তর এবং একাডেমিক ভবনের বিভিন্ন বিভাগের অফিস ও ক্লাসরুম পরিদর্শন করেন।
মঙ্গলবার সকালে উপাচার্য প্রথমে প্রশাসনিক ভবনের রেজিস্ট্রার দপ্তর, অর্থ ও হিসাব শাখা, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, প্রকৌশল দপ্তরসহ বিভিন্ন শাখা ও বিভিন্ন বিভাগের অফিস ও ক্লাসরুম পরিদর্শন করেন। এছাড়া গতকাল সকাল ৯টায় তিনি একাডেমিক ভবনের বিভিন্ন বিভাগের ক্লাসরুমে গিয়ে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে তিনি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে যথাসময়ে উপস্থিতি, ফাইল নিষ্পত্তির অগ্রগতি, শিক্ষার্থীদের সেবা প্রদানের মান এবং ক্যাম্পাসের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় উপাচার্য বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ হলো তার একাডেমিক ও প্রশাসনিক শৃঙ্খলা। শিক্ষার্থীরা যাতে হয়রানিমুক্তভাবে দ্রুত সেবা পায় এবং ক্লাস-পরীক্ষা নিয়মিত হয়, তা শতভাগ নিশ্চিত করতে হবে।
তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সাথে কাজ করার এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেন।
পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ও দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.