
সাতক্ষীরার তালায় ৬ পিস ইয়াবাসহ মোস্তাইন মোড়ল (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর '২৬) সন্ধ্যায় খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি পূর্বপাড়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মোস্তাইন হাজরাকাটি গ্রামের মৃত আবু জাফর মোড়লের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাজরাকাটি পূর্বপাড়া মোড় এলাকায় মাদক কেনাবেচা চলছে এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালান গ্রাম পুলিশ শেখ সোহেল। অভিযানকালে মোস্তাইন মোড়লকে ৬ পিস ইয়াবাসহ হাতেনাতে ধরে ফেলেন তিনি। তবে এ সময় কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন তার সহযোগী একই এলাকার আক্তারুল মোড়লের ছেলে রায়হান মোড়ল (২৫)।
পরবর্তীতে খলিলনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই আব্দুল হালিমকে খবর দেওয়া হলে তিনি ঘটনাস্থলে পৌঁছে আসামিকে ইয়াবাসহ হেফাজতে নিয়ে যান।
এ বিষয়ে খলিলনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল হালিম জানান, ইয়াবাসহ মোস্তাইনকে ক্যাম্পে আনা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া রায়হানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু বক্কর সিদ্দীক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.