
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় আহছানিয়া পাবলিক লাইব্রেরির উদ্যোগে পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট '২৬) সকাল সাড়ে ৯টায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তিনটি পৃথক বিষয়ের ওপর আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির মোট ৭১ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পঞ্চম থেকে সপ্তম শ্রেণির ৩৭ জন শিক্ষার্থী নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় তলার একটি শ্রেণিকক্ষে কাজী নজরুল ইসলামের জীবনী বিষয়ে রচনা প্রতিযোগিতায় অংশ নেয়।
অন্যদিকে, নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের দ্বিতীয় তলার হলরুমে অষ্টম থেকে দশম শ্রেণির ২৫ জন শিক্ষার্থী হজরত খানবাহাদুর আহছানউল্লাহ (রহ.)-এর শিক্ষা বিস্তার বিষয়ে এবং একাদশ-দ্বাদশ শ্রেণির ৯ জন শিক্ষার্থী ‘জুলাইয়ের চেতনা’ বিষয়ে রচনা প্রতিযোগিতায় অংশ নেয়।
পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন আহছানিয়া পাবলিক লাইব্রেরির অডিটর শিক্ষক মশিউজ্জামান, সম্পাদক আলহাজ্ব আবুল ফজল, সহসভাপতি মো. খাইরুল হাসান, কোষাধ্যক্ষ আলহাজ্ব নজরুল ইসলাম, শিক্ষক মো. আনোয়ারুল হক, সাংবাদিক আবুল কালাম বিন আকবার, শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষক মাহমুদুন্নবী খান, শিক্ষক আব্দুস সাত্তার, নলতা মাদ্রাসার স্টাফ শাহরিয়ার, আহছানিয়া মিশনের স্টাফ মিজানুর ও ইদ্রিস আলীসহ অনেকে।
পরীক্ষা শেষে আহছানিয়া পাবলিক লাইব্রেরির সম্পাদক আলহাজ্ব আবুল ফজল বলেন, ১৯৮১ সালে লাইব্রেরিটি প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। প্রতিবছর বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার বিষয়গুলো আগেই জানিয়ে দেওয়া হয়। পরে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.