
সাতক্ষীরার তালা উপজেলায় ডাক্তার দেখানোর কথা বলে এক নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৩ আগষ্ট '২৬) রাতে উপজেলার রহিমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী শুক্রবার (১৪ আগস্ট '২৬) তালা থানায় মামলা করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলার একটি গ্রামে। এক আত্মীয়ের মাধ্যমে ডাক্তার দেখানোর বিষয়ে অভিযুক্তদের একজনের সঙ্গে তার পরিচয় হয়। পরে ওই যুবক ডাক্তার দেখিয়ে দেওয়ার কথা বলে তাকে তালার রহিমাবাদ এলাকায় আসতে বলেন।
ভুক্তভোগীর অভিযোগ, রহিমাবাদে যাওয়ার পর রাতে ডাক্তার দেখানো সম্ভব নয় জানিয়ে পরদিন ডাক্তার দেখিয়ে দেওয়ার কথা বলা হয়। একই সঙ্গে তাকে নিজেদের ভাড়া বাসায় রাতযাপনের প্রস্তাব দেওয়া হয় এবং বাসায় তার মা-বোন রয়েছেন বলেও আশ্বস্ত করা হয়। সরল বিশ্বাসে ওই নারী সেখানে অবস্থান করলে সকালে নাস্তায় কৌশলে ওষুধজাতীয় কিছু খাওয়ানো হয় বলে অভিযোগ করেন তিনি।
এরপর তিনি অচেতন হয়ে পড়লে সেই সুযোগে দুই যুবক পালাক্রমে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পরদিন শুক্রবার সকালে ভুক্তভোগী নারী তালা থানায় গিয়ে একজনের নাম উল্লেখ করে আরও দুজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। তালা থানায় দায়ের করা মামলাটির নম্বর-১০, তারিখ ১৪ আগস্ট ২০২৬।
অভিযুক্তরা তালার রহিমাবাদ এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন বলে জানা গেছে। তবে মামলার তদন্তের স্বার্থে তাদের পূর্ণ পরিচয় প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, ভুক্তভোগী নারী একজনের নাম উল্লেখ করে মোট তিনজনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। ঘটনার বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.