
অপ্রেমিকের প্রেমপত্র -
কবি তানভীর চৌধুরীকখনো রবীন্দ্রনাথের গোরা,
কখনো শরৎচন্দ্রের শ্রীকান্ত—
ডেকেছো কতবার জীবনানন্দের
কোনো এক নিঃসঙ্গ পথিকের নামে।কখনো দেবদাসের বিষাদ,
কখনো হেমিংওয়ের সান্তিয়াগোর মতো একরোখা লড়াই;
কখনো হ্যামলেটের দ্বিধা,
কখনো রুক্ষ পৃথিবীর সামনে
বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা এক নির্ভীক পুরুষ—
ভেবেছো আমাকে কত রূপে!আমার ভেতরে যেন
পৃথিবীর সমস্ত পুরুষের অবয়ব—
কিছু অহংকার, কিছু অভিমান,
কিছু অপূর্ণতা, কিছু নীরব পরাজয়;
আর সবকিছু হারিয়েও
অন্ধকার ভেদ করে ফিরে আসার
এক দুর্বিনীত জীবনস্পৃহা।যুগে যুগে আমি ফিরে আসব—
কখনো প্রেমিক,
কখনো পথিক,
কখনো বিদ্রোহী;
কখনো তোমার সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়,
আবার কখনো
তোমার একাকী রাতের
দীর্ঘতম নীরবতা হয়ে।তোমার আকাশে ঝড় নামলে
নিজের বুক দিয়ে তোমাকে আড়াল করব।
ভালোবাসব—
কিন্তু ভালোবাসার কাছে
নিজেকে বিসর্জন দেব না।কারণ আমার প্রেমে যেমন মায়া থাকবে,
তেমনি থাকবে
একজন পুরুষের অটুট আত্মমর্যাদা।তবুও আমাকে অন্য কোনো নামে ডেকো না,
শুধু লাবণ্যের অপ্রেমিক অমিত নামে ডেকো;
যে তোমাকে ভালোবেসেও,
তোমাকে অধিকার করতে চায়নি।বটিয়াঘাটা, খুলনা
১৩ আগস্ট ২৬
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.