প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৪, ২০২৬, ৪:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২৬, ১০:২০ পি.এম
ডুমুরিয়ায় থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অ ভি যা নে আ ট ক ৭

খুলনার ডুমুরিয়ায় থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৭জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৩জনকে ভ্রাম্যমান আদালতে জেল জরিমানা এবং ৪জনকে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
ডুমুরিয়া থানা পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (১১ আগষ্ট '২৬) রাত ১০টার দিকে থানার এস আই অনিমেষ বিশ্বাস সঙ্গীয় অফিসার ফোর্সসহ গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া থানাধীন হাসানপুর গ্রামস্থ আবু সুফিয়ান গাজীর বসতবাড়ীর উত্তর পাশের ঘরের মধ্যে ইয়াবা ট্যাবলেট বেচা-কেনার খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে সঙ্গীয় অফিসার ও ফোর্স ধাওয়া করে তাদের আটক করে।
আটকৃতরা হলেন, হাসানপুর গ্রামের মৃত সোহরাব গাজীর ছেলে আবু সুফিয়ান গাজী (৪০), খাজুরা (আবাসন) এলাকার রজব আলী সরদারের ছেলে শরিফুল ইসলাম (২৭), ডুমুরিয়া (কাঁচা বাজার) এলাকার মৃত মোন্তাজ গাজীর ছেলে মোঃ রানা গাজী (২৬) এবং ডুমুরিয়া খাদ্য গুদাম এলাকার মৃত সাবুর আলী সরদারের ছেলে মোঃ আলাউদ্দিন (২৫)।
এসময় তাদের দেহ তল্লাশি করে আবু সুফিয়ান গাজীর নিকট হতে ৪০ পিচ, শরিফুল ইসলামের নিকট হতে ২০ পিচ, রানা গাজীর নিকট হতে ১৫ পিচ এবং আলাউদ্দিনের নিকট হতে ১০ পিচ সর্বমোট ৮৫ পিস কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা পালানোর চেষ্টাকালে ধস্তাধস্তিতে সামান্য আহত হওয়ায় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান।
এব্যাপারে থানার এসআই অনিমেষ বিশ্বাস বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছেন। বুধবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।
অপর দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনা সূত্রে জানা যায়, বুধবার (১২ আগষ্ট '২৬) ভোর সাড়ে ৫টার দিকে অধিদপ্তরের এস আই জাহানারা খাতুন এবং এ এস আই আব্দুল হালিমের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে রামকৃষ্ণপুর গ্রাম থেকে বিবেক সরকারের স্ত্রী সঞ্চিতা সরকার (৪০) ও কার্ত্তিক সরকারের ছেলে লিটন সরকার (৩৩) এবং থুকড়া গ্রাম থেকে মৃত সাহেব আলী সরদারের ছেলে আমীন সরদার (৪১) কে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে পুরিয়া ও পোটলা করা অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন আভিযানিক টিমের প্রধান এস আই জাহানারা খাতুন।
আটকৃতদের বুধবার খুলনার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট-২ অপূর্ব বালার আদালতে হাজির করা হলে আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে আমীন সরদার ও লিটন সরকারকে ৩মাসের কারাদন্ড এবং ১হাজার টাকা করে জরিমানা করেন। এবং সঞ্চিতা সরকারকে ১ বছরের প্রমোশনাল জেল এবং ১হাজার টাকা জরিমানা কওে মুক্তি দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.