সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী এলাকা থেকে উদ্ধার করা ৭৭ বস্তা জীবিত ঝিনুক সুন্দরবনের মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ। শুক্রবার (২৪ জুলাই '২৬) বিকেলে বন বিভাগের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।
বনবিভাগ জানায়, অবৈধভাবে সংগ্রহ করা ঝিনুক উদ্ধার করার পর পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে সেগুলোকে পুনরায় প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী সুন্দরবনের মালঞ্চ নদীতে ৭৭ বস্তা ঝিনুক অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সজল দ্বীপ, মুন্সীগঞ্জ বন টহল ফাঁড়ির ইনচার্জ মোস্তফা জাহিদ, সাতক্ষীরা বনমামলা পরিচালক ফরেস্টার জিয়াউর রহমানসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা।
জিয়াউর রহমান বলেন, বন আদালত এর আদেশক্রমে বনবিভাগের জব্দ কৃত ঝিনুক সুন্দরবন সংলগ্ন নদীতে অবমুক্ত করা হয়েছে।
তিনি আরো বলেন, ঝিনুক নদীর বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। এগুলো পানির গুণগত মান রক্ষা এবং জলজ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অবৈধভাবে ঝিনুক সংগ্রহ ও পাচার রোধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.