
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা এলাকায় দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক মনিরুল ইসলাম মনির নির্মাণাধীন গ্রামের বাড়িতে শনিবার (১১ জুলাই'২৬) দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির বিভিন্ন নির্মাণসামগ্রী ও মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে।
ভুক্তভোগী সাংবাদিক মনিরুল ইসলাম মনি জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরের দল তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন যুগীপুকুরিয়া এলাকায় অবস্থিত তার নির্মাণাধীন বাড়ির গেটের তালা ভেঙে রাতের কোনো এক সময় ভেতরে প্রবেশ করে। পরে তারা বাথরুমে স্থাপনের জন্য রাখা নতুন দরজা, প্রায় ১০ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক তার, একটি ফ্যান, একটি টিউবওয়েল, লোহার রড, পাইপ, বেলচা, কোদাল, দা, শাবলসহ বাড়ি নির্মাণে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। এতে তার আনুমানিক ৩০ থেকে ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, এলাকায় কিছু মাদকাসক্ত যুবক গভীর রাতে নিয়মিত ঘোরাফেরা ও ইয়াবা সেবন করে বলে অভিযোগ রয়েছে। তবে এই চুরির ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়টি এখনো নিশ্চিত নয় এবং তা তদন্তসাপেক্ষ।
এলাকাবাসী জানান, এর আগেও সাংবাদিক মনিরুল ইসলাম মনির ভাই অলিউল ইসলামসহ আশপাশের একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে, যা এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে।
ঘটনার পর সাংবাদিক মনিরুল ইসলাম মনি পাটকেলঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্ত এবং তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.