
সাতক্ষীরার তালায় যমুনা লাইন পরিবহনের ধাক্কায় রুমি আক্তার (২৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এসময় ভাগ্যক্রমে তাঁর দু’ শিশু সন্তান বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছে ভ্যান চালক আব্দুস সাত্তার (৪০)।
বৃহস্পতিবার (৯ জুলাই '২৬) বিকেল সাড়ে ৫টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার শাহাপুর এলাকায় নির্মানাধিন তালা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকালে ঢাকা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী যমুনা লাইন পরিবহন (ঢাকা মেট্রো- ব-১৩-২৬৯০) শাহাপুর এলাকায় পৌছে পাইকগাছাগামী রয়্যাল পরিবহন নামের অপর একটি পরিবহনকে অতিক্রম করার সময় আঠারোমাইলগামী যাত্রীবাহী মটর ভ্যানকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা গৃহবধু রুমি আক্তার ভ্যান থেকে পড়ে ওই পরিবহনের চাকার তলে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। ভ্যান থেকে পড়ে যাবার সময় মা রুমি আক্তার তার শিশু সন্তানদের ধাক্কা দিয়ে অপর পাশে ফেলে দিলে তাঁর কোলে থাকা দু’ শিশু সন্তান হানজালা (২) ও রাব্বি (৫) ভাগ্যক্রমে কোনও প্রকার মারাত্মক আহত হওয়া ছাড়ায় বেঁচে যান- বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
নিহত গৃহবধূ তালা উপজেলার প্রসাদপুর গ্রামের মৃত. সাইদুল ইসলাম মোড়ল’র মেয়ে এবং খুলনার ডুমুরিয়া উপজেলার বেতাগ্রামের হারুন গোলদারের স্ত্রী। গত বুধবার তিনি পিতার বাড়িতে বেড়াতে যান এবং বৃহস্পতিবার সেখান থেকে সন্তানদের নিয়ে তিনি শশুর বাড়িতে ফিরছিলেন। এদিকে, দূর্ঘটনায় মটর ভ্যান চালক আব্দুস সাত্তার (৪০) গুরুতর আহত হন। তিনি ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের নওয়াব আলীর ছেলে। এলাকাবাসী আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে আসলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তৎক্ষনাত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। গৃহবধূ নিহত’র ঘটনায় ঘটনাস্থলে শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী রাস্তায় জড়ো হলে জান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। তবে, পুলিশের তৎক্ষনাত হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
এবিষয়ে তালা থানার ওসি (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন বলেন, দুর্ঘটনার পরপরই যমুনা লাইন পরিবহনের ওই বাসটি রাস্তায় থামিয়ে চালক পালিয়ে যায়। পরে, চালকের সহকারী দ্রুত পরিবহনটি পাইকগাছার দিকে চালিয়ে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগীতায় গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধিন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.