প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৬, ৬:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৬, ৪:২৫ পি.এম
সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান

সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের কলেজছাত্র সোহানের মানবিক উদ্যোগের প্রশংসা করে তার পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অন্ধ একটি ঘোড়াকে আশ্রয় দিয়ে লালন-পালনের দায়িত্ব নেওয়া এই শিক্ষার্থীর জন্য বিকাশে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন '২৬) রাতে সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা তারেক রহমানের পক্ষ থেকে সোহানের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন। এবং তিনি নিজে ৫ হাজার টাকা নগদ অর্থ সহায়তা দেন। এ সময় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের নির্দেশনায় বিষয়টি খোঁজ নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অন্ধ ও অসুস্থ একটি ঘোড়া শ্মশানের পাশে পড়ে আছে। স্থানীয়দের অনেকে ভিডিও ধারণ করলেও প্রাণীটিকে উদ্ধারে কেউ এগিয়ে আসেননি। ভিডিওটি দেখে ঘটনাস্থলে ছুটে যান চান্দুড়িয়া গ্রামের ইন্টারমিডিয়েট শিক্ষার্থী সোহান। তিনি ঘোড়াটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন।
পরে স্থানীয় পশুচিকিৎসক ঘোড়াটিকে পরীক্ষা করে জানান, প্রাণীটির দুটি চোখই স্থায়ীভাবে নষ্ট হয়ে গেছে। চিকিৎসার মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব নয়। এরপরও ঘোড়াটিকে ফেলে না রেখে নিজের পরিবারকে সঙ্গে নিয়ে এর পরিচর্যার দায়িত্ব নেন সোহান।
সোহান বলেন, দুচোখ অন্ধ হলেও এটি তো একটি জীবন্ত প্রাণী। চোখের সামনে একটি প্রাণীকে ধুঁকে ধুঁকে মরতে দিতে পারিনি। তাই বাড়িতে নিয়ে এসেছি। যত দিন বাঁচবে, আমরা ওর যত্ন নেব।
সোহানের বাবা নাঈম হোসেন বলেন, ছেলের আগ্রহের কারণেই ঘোড়াটিকে বাড়িতে আশ্রয় দিয়েছি। আমরা সাধ্যমতো এর দেখাশোনা করছি। মানুষ হিসেবে অসহায় প্রাণীর পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।
সোহানের এই উদ্যোগ স্থানীয় মানুষের প্রশংসা কুড়িয়েছে। অনেকের মতে, স্বার্থকেন্দ্রিক এই সময়ে একটি অসহায় প্রাণীর প্রতি তাঁর এমন মমত্ববোধ মানবিকতার উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.