
চলতি বছরে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচন কে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিভিন্ন প্রার্থীদের নাম শোনা যাচ্ছে। ইতিমধ্যে অনেকেই আবার প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন পুরোদমে।
তবে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রার্থী হিসেবে পুরোদমে প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন শ্যামনগর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ঢালী।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ইউনিয়নের বিভিন্ন হাটবাজার থেকে শুরু করে হোটেল, অফিস সহ চায়ের দোকান গুলোতে সর্বত্রই শুরু হয়েছে নির্বাচনী আলোচনা। আর এসকল নির্বাচনী আলোচনা সভায় তরুণ, সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে আব্দুর রশিদ ঢালীর নাম শোনা যাচ্ছে।
আব্দুর রশিদ ঢালী ইতিমধ্যে কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা শুরু করেছেন। প্রচার প্রচারণার অংশ হিসেবে দিন রাত ইউনিয়নের এ প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে চলেছেন। দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক, কর্মী সমাবেশ, বিভিন্ন হাট-বাজারে, চায়ের দোকানে কুশল বিনিময়, ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত, দরিদ্র ও শীতার্ত ব্যক্তিদের মাঝে ত্রাণ ও শীতবস্ত্র সামগ্রী বিতরন ও মতবিনিময় সভা করছেন। এছাড়াও তিনি ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
পাশাপাশি তিনি দলীয় নেতা-কর্মীদের কে সাথে নিয়ে দলীয় সব কার্যক্রমে অংশগ্রহন পূর্বক ইউনিয়ন ও উপজেলা সহ জেলা শহরের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এলাকার তরুণ, সৎ, যোগ্য, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সবার নিকট ইতিমধ্যে গ্রহনযোগ্যতা কুড়িয়েছেন। প্রথমবারের মত নির্বাচনে অংশ নেওয়ায় চেয়ারম্যান পদে সৎ ও যোগ্য হিসেবেও প্রথম পছন্দের তালিকায় এলাকার অনেক সুধীবৃন্দ তাকে রেখেছেন।
বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় গিয়ে প্রচারণা চালাচ্ছেন তিনি।
গরীব, দুঃখী, অসহায়, নির্যাতিত ও সুবিধা বঞ্চিতদের সেবা করার লক্ষ্য নিয়ে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আব্দুর রশিদ ঢালী প্রতিবেদককে বলেন, ইউনিয়ন বিএনপি, উপজেলা ও জেলা সহ কেন্দ্রীয় নেতাদের সাথে পরামর্শ করলে তারা আমাকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন। আমি মহামারী করোনাকালে লকডাউনের সময় অগনিত মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছি, কাশিমাড়ী বিএনপি কে আমি সংগঠিত করেছি। আমি দু'বার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও একবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। বর্তমানে উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন চাইব। না পেলে এলাকার মানুষের আস্থা ও ভালবাসা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব।
আমি নির্বাচিত হলে গোটা ইউনিয়নকে সন্ত্রাস, দূর্নীতিমুক্ত, আধুনিকায়ন করে গড়ে তুলব। মাদকমুক্ত করব পুরো ইউনিয়ন নির্বাচিত হলে ইউনিয়নবাসীর জন্য নাগরিক সনদপত্র প্রাপ্তির সমস্যা দুর করব। এলাকার বিপুল সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা আমার জন্য সমর্থন ব্যক্ত করেছেন।
আব্দুর রশিদ ঢালী আরও জানান, ইউনিয়ন পরিষদে ধনী ব্যক্তিরা ট্যাক্স দেয়না, সেই ট্যাক্স চাপিয়ে দেওয়া হয় সাধারণ মানুষের উপর। ট্যাক্স ব্যবস্থাকে ঢেলে সাজান হবে। সাধারণ মানুষকে অতিরিক্ত ট্যাক্সের বোঝা থেকে মুক্ত করা হবে।
আমি চেয়ারম্যান পদে নির্বাচিত হলে যেকোন সেবা কিংবা সমস্যার জন্য জনগণের কোন প্রকার মাধ্যম কিংবা ভোগ পোহাতে হবেনা। জনগণই আমার বন্ধু। তারাই আমার আশা ও ভালবাসা প্রতীক।
সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা সহ সকল প্রকার কার্ড, রেশন ও ত্রাণ কোনরুপ হস্তক্ষেপ ছাড়াই যোগ্য ব্যক্তিদের মধ্যে লটারীর মাধ্যমে বন্টন করা হবে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রস্তুতি নিতে আমাকে অনুপ্রেরণা যুগিয়েছেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান জিএম লিয়াকত আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব জিএম মাসুদুল আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও প্রাক্তন চেয়ারম্যান আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সোলায়মান কবীর, জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশেক এলাহী মুন্না, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জিএম গোলাম আলমগীর, তথ্য ও গবেষণা সম্পাদক আলমগীর সিদ্দিক, কৈখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের মল্লিক, বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গফুর সরদার, সাধারণ সম্পাদক আমির আলী, মুন্সিগন্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল হামিদ, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুস সবুর, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আজিজুর রহমান আজিবর, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দুুলু, কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জামিরুল আলম বাবলু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স, ম আকতার ফারুক সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
মানবসেবার ব্রত নিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী। অবহেলিতদের পাশে দাঁড়ানো, ইউনিয়নবাসীকে সাথে নিয়ে মাদক ও দূর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সহ কাশিমাড়ীকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করাই হবে আমার অন্যতম উদ্দেশ্য।