সুন্দরবনে প্রবেশ নিষেধাজ্ঞা চলাকালে মধু আহরণ করে ফেরার পথে ১ হাজার কেজি মধুসহ ১১ জন মৌয়ালকে আটক করেছে বনবিভাগ। শুক্রবার (১২ জুন '২৬) সকালে সাতক্ষীরা রেঞ্জের টেংরাখালী বন টহল ফাঁড়ির সদস্যরা সুন্দরবনের গহীন এলাকা থেকে দুটি নৌকাসহ তাদের আটক করে বিকালে তাদের আদালতে পাঠানো হয় বলে জানান বনবিভাগ।
বনবিভাগ সূত্রে জানা গেছে, আটককৃত মৌয়ালরা নিষিদ্ধ সময়ে সুন্দরবনে প্রবেশ করে মধু সংগ্রহ করছিলেন। অভিযানের সময় তাদের কাছ থেকে ২৮টি মধুর ড্রাম জব্দ করা হয়। ড্রাম সহ মধুর ওজন ১ হাজার ৩২ কেজি। পরে আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃত জেলেরা হলেন, উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের বানছার উদ্দিন গাজীর ছেলে আমজাদ হোসেন (৬৪), হাকিম শেখের ছেলে কামরুল শেখ (৪৫), মতিয়ার রহমান গাজীর ছেলে আল-আমীন গাজী (৪০) হায়াত আলী গাজীর ছেলে রব্বানী গাজী (৩৫), মৃত হাজের গাজীর ছেলে হায়াত আলী গাজী (৫৫), হাকিম শেখের ছেলে মোবারক শেখ (৩২), মতিয়ার রহমানের ছেলে বাবলু রহমান (৩০), মৃত সোহরাফ খাঁ এর ছেলে মনিরুল খাঁ (৩৮), মৃত এশার মালীরা ছেলে আবিয়ার মালী (৪৫), গোলজার গাজীর ছেলে কবিরুল ইসলাম (৪৫)।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান বলেন, পহেলা জুন থেকে ৩ মাসের জন্য সুন্দরবনে জেলে, মৌয়াল, পর্যটক সহ সকল ধরনের প্রবেশ নিষিদ্ধ। নিষিদ্ধ সময়ে সুন্দরবনে প্রবেশ করার কোন সুযোগ নেই। সকল ধরনের পাশ বন্ধ। আটক ১১জন মৌয়ালের পাশের মেয়াদ না থাকায় তাদেরকে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.