
পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন অঞ্চলে উগ্রবাদী হিন্দু সম্প্রদায় কর্তৃক মুসলমানদের উপর জুলুম নির্যাতন, হত্যা, বাড়িঘর, দোকানপাট, মসজিদ, মাদরাসা, ভাংচুর, অগ্নিসংযোগ ও সীমান্তে বাংলাদেশী হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্মিলিত ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে শুক্রবার (১৫ মে '২৬) দুপুর ২টায় শহরের নিউমার্কেট চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।
জাতীয় ইমাম সমিতির সাতক্ষীরার সভাপতি মাওলানা মোঃ আব্দুর রশিদ এর সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্যে রাখেন, জাতীয় ইমাম সমিতির সাতক্ষীরার সেক্রেটারী হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, পৌর সভাপতি মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, হাফেজ কারী সাঈদুর রহমান, মুফতি বাকি বিল্লাহ, মাওলানা দেলোয়ার হোসেন হুজায়েফী, সদর উপজেলা ইমাম সমিতির সেক্রেটারী হাফেজ ওয়াহিদুজ্জামান প্রমুখ।
এসময় ভারতের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মূখ্য মন্ত্রীর কুশ পুত্তলিকা দাহ করেন ধর্মপ্রাণ মুসল্লীরা।
সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে ভারতে মুসলমানদের উপর সকল ধরনের নির্যাতন বন্ধ করতে হবে। অতিতে মুসলমানদের উপর জুলুম নির্যাতন চালিয়ে কোন গোষ্ঠী টিকে থাকতে পারেনি। ভারত সরকারও পারবে না। সমাবশ থেকে অবিলম্বে বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে ভারতে জুলুম নির্যাতন প্রতিবাদ জানানোর আহবান জানান বক্তারা।