
সাতক্ষীরা শহর এলাকায় শৃঙ্খলা ফেরাতে নতুন করে ইজিবাইক চলাচলের অনুমতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত ও পৌরসভার প্রশাসনিক সহায়তা কমিটির অনুমোদনক্রমে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগ্রহী মালিকদের ২০ এপ্রিল (সোমবার) তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৩ এপ্রিল থেকে আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে। ১০০ টাকা মূল্যের বিনিময়ে পৌরসভার লাইসেন্স শাখা থেকে এই ফরম সংগ্রহ করা যাচ্ছে।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকৃত মালিকদের কয়েকটি সুনির্দিষ্ট শর্ত মেনে আবেদন করতে হবে। তা হলো— আবেদনকারীকে অবশ্যই সাতক্ষীরা পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে। নিজের ইজিবাইক থাকতে হবে এবং প্রমাণের জন্য দোকানের মূল ক্যাশ মেমো উপস্থাপন করতে হবে। একই ব্যক্তি একাধিক আবেদন করতে পারবেন না। নির্ধারিত সংখ্যার চেয়ে আবেদনকারী বেশি হলে স্বচ্ছতা বজায় রাখতে লটারির মাধ্যমে অনুমতিপত্র প্রদান করা হবে।
আবেদন ফরমের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সত্যায়িত ফটোকপি, বাড়ির হোল্ডিং ট্যাক্সের ফটোকপি, ইজিবাইক ক্রয়ের ক্যাশ মেমোর সত্যায়িত কপি এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।
পৌর কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে জানিয়েছে, ইজিবাইক চলাচলের অনুমতিপত্র পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অনৈতিক লেনদেন করা যাবে না। সোমবার অফিস চলাকালীন সময়ের মধ্যেই পূরণকৃত ফরম জমা দিতে হবে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.