সুন্দরবনে মধু সংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে দিক হারিয়ে ভারতে ঢুকে পড়া পাঁচজনের মধ্যে চারজন মৌয়ালকে উদ্ধার করেছে বনবিভাগ। মঙ্গলবার (১৪ এপ্রিল '২৬) ভোরে তাদেরকে সু্ন্দরবন থেকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মৌয়ালরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি গ্রামের সাবুত আলী সরদারের ছেলে শুকুর আলী সরদার, একই উপজেলার কাশিমাড়ি গ্রামের আদম মোল্লার ছেলে আব্দুল লতিফ মোল্লা, পশ্চিম বিড়ালক্ষি গ্রামের লিয়াকত আলীর ছেলে তৈয়বুর রহেমান ও একই গ্রামের ফেরদৌস হোসেনের ছেলে রাশিদুল ইসলাম।
নিখোঁজ থাকা অন্য মৌয়ালের নাম শওকত আলী গাজী। তিনি শ্যামনগর উপজেলার ছোট কুপট গ্রামের অবের আলী গাজীর ছেলে শওকত আলী গাজী।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফজলুর রহমান তৃতীয় মাত্রাকে জানান, গত পহেলা এপ্রিল বুড়িগোয়িালিনি স্টেশন থেকে পাস (অনুমতি) নিয়ে শওকত আলীসহ পাঁচজন সুন্দরবনে মধু আহরণে যান। গত ৮ আগষ্ট ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারটি দিক হারিয়ে ভারতের অংশে ঢুকে পড়ে। পরবর্তীতে বনবিভাগ জানতে পেরে মঙ্গলবার ভোরে চারজনকে উদ্ধার করে বুড়িগোয়ালিনি স্টেশন অফিসে নিয়ে আসে। তবে শওকত হোসেনের সন্ধান পাওয়া যায়নি। উদ্ধারকৃতদের বুধবার (১৫ এপ্রিল '২৬) সকাল ১০টায় আইনশৃঙ্খলারক্ষাকারি বাহিনীর উপস্থিতিতে স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।
ফজলুর রহমান আরো তৃতীয় মাত্রাকে জানান, গত ৮ এপ্রিল সুন্দরবনের কাচিকাটা এলাকায় ট্রলার ডুবিতে নিখেঁাজ হওয়া আট জনের মধ্যে এ পর্যন্ত সাতজনকে উদ্ধার করা হয়েছে। তবে শ্যামনগর উপজেলার গোদাড়া গ্রামের আমিন মোল্লার ছেলে আকবর হোসেনকে উদ্ধার করা সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.