প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৬, ৩:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২৬, ১২:২৪ এ.এম
নির্বাচনী ওয়াদার অংশ হিসেবে সাতক্ষীরায় কুমড়া খাল এর খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি গ্রামের কুমড়া খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত থেকে বুধবার (০১ এপ্রিল '২৬) বিকালে এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে বৈকারি দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ধ্যায় এক সংক্ষিপ্ত জনসভায় বক্তব্য দেন প্রতিমন্ত্রী। জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম বলেন, নির্বাচন শেষ আমরা সরকার গঠনের পর নির্বাচন পূর্ববর্তী প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশে খাল খনন কর্মসূচি অব্যাহত রেখেছি। তারই অংশ হিসাবে আজকের এই কুমড়া খাল খনন এর উদ্বোধন করা হয়।
এছাড়াও ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদানসহ কৃষি ব্যাংকের লোন ১০ হাজার টাকা পর্যন্ত মাফ করা হয়েছে। এদেশের মানুষ সরকারকে সহযোগিতা করলে উন্নত দেশ হিসেবে পরিনত করতে সময় লাগবে না বলে মন্তব্য করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আরেফিন জুয়েল, ৩৩ বিজিবি কমান্ডার আশিকুর রহমান, জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশ, সাধারণ সম্পাদক আবু জাহিদ ডাবলু, বিএনপি নেতা আব্দুর রউফ ও ড. মনিরুজ্জামান প্রমুখ। উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের প্রধান ও সহযোগি কর্মকর্তারা।
এরআগে দুপুরে প্রতিমন্ত্রী সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের নীলডুমুর এলাকায় উপস্থিত থেকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মধু সংগ্রহ মৌসুমের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে মৌয়ালদের সঙ্গে মতবিনিময় এবং বনদস্যুদের বিরুদ্ধে অভিযান কার্যক্রমের সূচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আক্তার, জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.