
নিখোঁজের ৬ দিন পর সাতক্ষীরার গোদাঘাটার একটি মাছের ঘের থেকে আরাফাত হোসেন মল্লিক ওরফে রিংকু মল্লিক নামের অবসরপ্রাপ্ত এক এনএসআই কর্মকর্তার ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোদাঘাটা মল্লিকপাড়ার জনৈক আফসার উদ্দীন মল্লিকের মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রিংকু মল্লিক (২৩) ওই গ্রামের সাবেক এনএসআই এর প্রধান অফিস সহকারী আব্দুল জব্বারের ছেলে।
নিহতর স্বজনরা জানান, গত ২৮ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল রিংকু মল্লিক। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুজির এক পর্যায়ে এ ব্যাপারে সদর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। একপর্যায়ে রবিবার সকালে তার মরদেহ জনৈক আফসার উদ্দীন মল্লিকের মাছের ঘের থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত রিংকু হালকা অপ্রকৃতিস্থ ছিল। তবে, রিংকুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি আরো জানান।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.