
সাতক্ষীরার তালা উপজেলার কপোতাক্ষ নদ পারাপারের সময় নদীতে পড়ে নিখোঁজ হওয়া রবিউল ইসলাম (৫০)-এর মরদেহ উদ্ধার হয়েছে। রবিবার (১১ জানুয়ারি '২৬) সকালে খুলনার পাইকগাছা উপজেলার আগড়ঘাটা এলাকায় কপোতাক্ষ নদীর চরে নৌকার কাছির সঙ্গে বাঁধা অবস্থায় মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
নিহত রবিউল ইসলাম খুলনার পাইকগাছা উপজেলার মটবাটি এলাকার মৃত মুনছুর আলীর ছেলে। তিনি বর্তমানে তালা উপজেলার মাগুরা এলাকায় বসবাস করতেন।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পাওয়ার পর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের কার্যক্রম শুরু করে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনার পর টানা দুই দিন ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে নদীতে তল্লাশি চালায়। তবে কপোতাক্ষ নদের প্রবল স্রোতের কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, মঙ্গলবার (৬ জানুয়ারি '২৬) দুপুরে তালা উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া খেয়াঘাট এলাকায় নৌকাযোগে নদী পারাপারের সময় রবিউল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে নদীতে পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.