
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরো এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত মারা গেছেন অন্ততঃ ১৩৭ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩১ জন।
বুধবার রাতে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত ওই বৃদ্ধের নাম সাঈদুল হক (৭০)। তিনি সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার মৃত হারুনার রশিদের ছেলে।
মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে ওই বৃদ্ধ গত ২০ ডিসেম্বর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান। তিনি আরো জানান, তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হলেও এখনও পর্যন্ত তার রিপোর্ট পাওয়া যায়নি।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই ব্যক্তির লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.