
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত মারা গেছেন অন্ততঃ ১৩৫ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩১জন।
মৃত ওই ব্যক্তির নাম কাজী মানোয়ম হোসেন (৫০)। তিনি কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের কুশলিয়া গ্রামের কাজী ওহাবের ছেলে।
মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়াসহ করোনার উপসর্গ নিয়ে ওই ব্যক্তি গত ১৫ ডিসেম্বর সকালে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। তিনি আরো জানান, তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হলেও এখনও পর্যন্ত তার রিপোর্ট পাওয়া যায়নি।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই ব্যক্তির লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.