
ধোঁয়াটে বিকেল ও একলা মানুষ
কোথাও কেউ নেই—
শহরের ইট, কংক্রিট, আর অগণিত জানালার ভিতর
একটা মুখও নেই যে তাকাবে ফিরে,
একটা হাতও নেই যে ধরবে চুপিচুপি।আমি একা,
কাঁচের গ্লাসে ঢেলে দিই সন্ধের ক্লান্তি,
কফির ধোঁয়া ওঠে,
আমার বুকের ভিতর এক আকাশ ধোঁয়াটে হয়ে যায়।একটা জীবন শুধু অপেক্ষার ঘর,
যেখানে দরজার বাইরে দাঁড়িয়ে থাকে অগণিত প্রহর,
ভেঙে যাওয়া স্বপ্নগুলো জোড়া লাগায় না কেউ—
শুধু বাতাসের মতো বয়ে যায় দিন,
তাদের মনে নেই থামার সময়।একটা জীবন শুধু উপেক্ষার পাহাড় জমে,
তবুও আমি গড়ে তুলি নতুন এক নদী,
যেখানে একলা চাঁদ জলের গভীরে মুখ ভাসায়
আর আমি তাতে লিখে রাখি—
আমার সমস্ত হারিয়ে যাওয়া গল্প।তুমি কি শুনতে পাও?
এই নিঃসঙ্গ বিকেলের গায়ে লেপ্টে থাকা
একটা কবিতার নিঃশব্দ কান্না?নড়াইল, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.