প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১১:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৫, ৫:১৩ পি.এম
কলারোয়ার সীমান্ত থেকে ৫ বাংলাদেশী আটক

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সুলতানপুর সীমান্ত থেকে অবৈধভাবে পারাপারের দায়ে ৫ জন বাংলাদেশী নাগরিক আটক করেছে বডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৩ জানুয়ারি '২৫) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে কলারোয়া উপজেলার সুলতানপুর বিওপির আওতাধীন পোতাপাড়া নামক স্থান হতে তাদের আটক করা হয়।
বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল হক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। আটককৃত ৫ বাংলাদেশী নাগরিক হলেন, কক্সবাজার জেলার অলিয়াবাদ গ্রামের মোঃ আলী আব্বাসের পুত্র মোঃ আতিকুর রহমান, (৩৬), যশোর জেলার চৌগাছা উপজেলার মুক্তারপুর গ্রামের মো.সিদ্দিকুর রহমানের পুত্র মোঃ আসলাম হুসাইন (৩২), বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার ব্রাহ্মনডাঙ্গা গ্রামের তপন ঢালীর পুত্র তন্ময় ঢালী (২৫), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার ছোটপরী গ্রামের মোশারফ খানের পুত্র মোঃ মাহাবুব খান (১৮), সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের মো. জাহঙ্গীর আলমের পুত্র মোঃ রাকিব হাসান (১৭)।
বিজিবি অধিনায়ক জানান, সাতক্ষীরার কলারোয়া উপজেলার সুলতানপুর সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশী নাগরিককে বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পারাপার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর বিওপির দায়িত্বরত বিজিবির একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে উক্ত ৫ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।
বিজিবির অধিনায়ক আরো জানান, আটকৃত মোঃ আতিকুর রহমান ও মোঃ আসলাম হুসাইনের শ্বশুর বাড়ি ভারতের নয়াদিল্লী ও কুচবিহারে। স্ত্রীদের সাথে দেখা করার জন্য যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমন করে। তন্ময় ঢালী শ্রমিকের কাজ করতো ভারতে, মোঃ মাহাবুব খান তার চাচার সাথে দেখা করতে গিয়েছিল, এছাড়া রাকিব হাসান ভারতে অবস্থান করা পিতা মাতার সাথে দেখা করতে ভারতে গিয়েছিল।
বর্তমানে ভারতে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক অবৈধভাবে বসবাসকারীদের বিশেষ ধরপাকড় করায় তারা সুলতানপুর এলাকা দিয়ে বাংলাদেশে আগমনকালে তাদেরকে বিজিবি ৪টি অ্যান্ড্রয়েট ফোন, ১টি বাটন এবং ১টি ফল্ডিং ফোন ও ১টি পাওয়ার ব্যাংকসহ আটক করে।
তাদের বিরুদ্ধে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটক ৫ বাংলাদেশীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.