
জলবায়ু অর্থায়ন এবং জীবাশ্ম জ্বালানী মুক্ত ভবিষ্যতের জন্য গ্লোবাল উইক অব অ্যাকশনের (GWA) অংশ হিসাবে, স্বদেশ সংস্থা, CLEAN, BWGED এবং সুশীল সমাজের সহযোগিতায় আজ রবিবার (১৫ সেপ্টেম্বর'২৪) সাতক্ষীরাতে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এই সমাবেশের উদ্দেশ্য ছিল জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগের সম্ভাব্য ক্ষতিকারক দিক তুলে ধরা, যা পরিবেশ এবং জনমানুষকে অব্যাহতভাবে হুমকির মুখে ফেলছে। বিক্ষোভকারীরা এলএনজি’র মতো পরিবেশ বিনাশকারী "ভুয়া প্রযুক্তি" গুলির অবসানের আহ্বান জানান।
স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক, মাধব চন্দ্র দত্ত বলেন, "জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ সম্পর্কিত যে মিথ্যা গল্পগুলো আমাদের চারপাশের ছড়িয়ে আছে সেগুলো আমাদের বদলাতে হবে এবং প্রকৃতপক্ষেই যেন টেকসই ভবিষ্যত বিনির্মাণ হয় সেদিকে মনোনিবেশ করা আবশ্যক। আমাদের সম্মিলিত কণ্ঠস্বরই কেবল এসবের নীতিনির্ধারক এবং অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলিকে ক্ষতিকারক শিল্প থেকে সরে আসায় বাধ্য করতে সক্ষম।" বিক্ষোভ সমাবেশ ও র্যালীতে নাগরিক নেতা আলী নুর খান বাবুল, সিএসও প্রতিনিধি শ্যামল বিস্বাস, হৃদয় মন্ডল, জয় সরদার, দেবজ্যোতি ঘোষ, বৈশাখী মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রতিবাদকারীরা, সরকার এবং দেশী-বিদেশী আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কার্বন-ধারণ প্রযুক্তি এবং এলএনজির মতো জীবাশ্ম জ্বালানীভিত্তিক প্রযুক্তিগুলোকে বর্জন এবং এর বিকল্প হিসেবে নবায়নযোগ্য শক্তিকে প্রাধান্য দেবার আহ্বান জানান যা পরিবেশ এবং সমাজ উভয়ের জন্য উপকারী।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.