প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ১০:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৩, ৭:৩২ পি.এম
শ্যামনগরে রাস উৎসব পালন

সাতক্ষীরার শ্যামনগরে স্বাড়ম্বরে পালিত হলো সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসব ২০২৩।
প্রতি বছর কার্তিক পূর্ণিমা তিথিতে পালন করা হয় রাধা কৃষ্ণের প্রেমের উৎসব রাস পূর্ণিমা। গত রবিবার পালিত হয় রাস পূর্ণিমা। হেমন্ত ঋতুর অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হল রাস।
এটি বৈষ্ণব সম্প্রদায়ের কাছে অন্যতম প্রধান উৎসব। পুরাণ অনুসারে বৃন্দাবনে থাকাকালীন শ্রীকৃষ্ণ গোপিনীদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তাঁদের মনের সব ইচ্ছে পূরণ করবেন এবং তাঁদের সঙ্গে রাসলীলা করবেন। সেই প্রতিজ্ঞা রাখতেই কার্তিক পূর্ণিমা তিথিতে রাধা ও অন্য গোপিনীদের সঙ্গে রাসলীলা করেছিলেন কৃষ্ণ। সেই থেকে শুরু হয় প্রেমের উৎসব রাস।
রবিবার রাস পূর্নিমা তিথিতে রাস উৎসব এর আয়োজন করেন মুন্সিগঞ্জ ফুলতলা রাস মেলা কমিটি ও আড়পাঙ্গাশিয়া রাসমেলা কমিটি। রাত সাড়ে ১১ টায় রাস পূর্ণিমা তিথিতে ঢাক,ঢোল, হরেক রকমের বাজির আওয়াজে মুখরিত করে রাধা কৃষ্ণকে দোলনায় ও রাধারানীর সখীদের সাথে নিয়ে নাচ গানে মুখরিত করে মন্দির প্রদক্ষিণ শেষে মন্দিরে স্থাপন করা হয়। রাস উৎসব উপলক্ষ্যে আড়পাঙ্গাশিয়া ও মুন্সিগঞ্জ ফুলতলা রাস মেলা কমিটির পক্ষ থেকে ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ শুরু হয়।
মহানাম যজ্ঞে আড়পাঙ্গাশিয়া রাস মেলা কমিটির পক্ষ থেকে আনন্দবাজারের ব্যবস্থা না থাকলেও মুন্সিগঞ্জ ফুলতলা রাস মেলা কমিটির পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় রাস উৎসব দেখতে আসা হাজার হাজার ভক্তদের জন্য আনন্দ বাজারে মহা প্রসাদের ব্যবস্থা করেন সন্ধ্যা ৯ টা থেকে রাত ২টা পর্যন্ত।
রাস উৎসবে উপস্থিত ছিলেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রউফ, সাবেক জেলা পরিষদের সদস্য ডালিম কুমার ঘরামী, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক অনাথ মন্ডল, যুগ্ন আহবায়ক পীযূষ বাউলিয়া পিন্টু, যুগ্ন আহবায়ক শ্যামনগর উপজেলা হিন্দু বিবাহ রেজিস্টার সুজন কুমার দাস,সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেল্লাল হোসেন,উপকূল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম প্রমুখ ।
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.