
সুন্দরবনে মধু সংগ্রহ করতে যেয়ে বাঘের আক্রমণে মন্টু গাজী নামে এক মৌয়ালের মৃত্যু হয়েছে। বুধবার রাতে সুন্দরবনের ভারতের অংশে তালপট্টি নামক স্থান থেকে তাকে বাঘে ধরে নিয়ে যায়। মন্টু গাজী (৪৫) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের শাহাবুদ্দিন গাজীর ছেলে।
https://youtu.be/7DSAJcE5eDY
গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের রুহুল আমিন মালী জানান, গত পহেলা এপ্রিল বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশন থেকে অনুমতি (পাস) নিয়ে চকবারা গ্রামের মন্টু গাজী, সাহেব আলী, আবু মুছাসহ ১০জন তার নৌকায় সুন্দরবনে মধু সংগ্রহ করতে যান। মধু সংগ্রহ করার একপর্যায়ে ১৬ এপ্রিল তারা সুন্দরবনের ভারতের অংশে চলে গেলে গ্রেপ্তার আতঙ্কে নৌকা ফেলে সুন্দরবনের মধ্যে চলে আসেন। একপর্যায়ে তারা কলার ভেলায় ভেসে ১৯ এপ্রিল ভারতের তালপট্টি নামক স্থানে পৌঁছালে রাতের আঁধারে মন্টু গাজীকে একটি বাঘ ধরে নিয়ে যায়। তারা চিৎকার করেও মন্টুকে বাঁচাতে না পেরে আবারো কয়েকজন মিলে কলার ভেলায় সাঁতার কাটতে কাটতে শনিবার বিকেল তিনটার দিকে গাবুরার দৃষ্টিনন্দন প্রকল্পের কাছে পৌঁছে মন্টু গাজীর বাড়িতে খবর দেন।
গাবুরা ইউপি সদস্য আবিয়ার রহমান ও মন্টু গাজীর মেয়ে ময়না খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধারের চেষ্টা চলছে।
বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা নূর আলম জানান, ওই মৌয়ালকে বাঘে ধরে নিয়ে গেছে না সুন্দরবনের ভারতের অংশে হারিয়ে গেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে পহেলা এপ্রিল মন্টু গাজীসহ ১১ জন পাস নিয়ে সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়েছিল। তবে মন্টু গাজীর কোন সহকর্মী এসে তার সঙ্গে দেখা করেনি।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.