
সাতক্ষীরার পাটকেলঘাটার কপোতাক্ষ নদের তীরে ভ্রাম্যমাণ বসতি গড়ে বসবাস করা বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২০) বিকেল ৩টায় পাটকেলঘাটা থানার কুমিরা বাজার চত্বরে অবহেলিত বেদে সম্প্রদায়ের ২৩টি পরিবারের ৮৯ সদস্যের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার।
এ সময় পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ সব সময় সব মানুষের বন্ধু হয়ে পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে। করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে সর্বোচ্চ সেবা দিচ্ছে পুলিশ। সেবা দিতে গিয়ে অকালে অনেক পুলিশ সদস্য প্রাণও হারিয়েছেন।
তিনি আরও বলেন, বেদে সম্প্রদায়কে সৎ কর্মের মাধ্যমে জীবিকা নির্বাহ করার জন্য পুরুষদের ফ্রি ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান করা হবে। মহিলারা যারা সেলাই প্রশিক্ষণ গ্রহণ করতে চায় তাদের বিনা খরচে সেই ব্যবস্থা করা হবে। অসহায় এসব মানুষদের জন্য পুলিশ বন্ধু হয়েই সবসময় পাশে থাকবে।
পাটকেলঘাটা থানার ওভার ব্রিজের নিচে কপোতাক্ষ নদের পাড়ে বসবাসরত অবহেলিত বেদে সম্পদায়ের মাঝে চাল, ডাল, আটা, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণকালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. হুমায়ুন কবির, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.