
গোপালগঞ্জে চাকরি নামের সোনার হরিণের পিছনে দৌড়েও চাকরি না পেয়ে হাল ছাড়েননি সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক জিএস রেজাউল হক জিরু।
https://youtu.be/prK9JTG_Ccg
গোপালগঞ্জ জেলা শহরের পার্শ্ববর্তী লতিফপুর ইউনিয়নের চরমানিকদাহ গ্রামের নিজ বাড়ির পাশেই পৈর্তৃক ও ক্রয়কৃত প্রায় ৫ বিঘা জমিতে গত দুই বছর পূর্বে সারিবদ্ধভাবে লাগিয়েছেন হাজারটি কাগুজি লেবু গাছ, কলাগাছ ও এর মাঝে রোপণ করেছেন উন্নত জাতের কচু, চিচিঙ্গা (কুশি), ও লাউ। এর মধ্যেই তিনি ফলন পেতে শুরু করেছেন। আসছে আষাঢ় মাসে তিনি ওই জমিতে উৎপাদিত লেবু বিক্রি করে মাসে লাখ টাকা উপার্জনের আশাবাদ ব্যক্ত করেন। তার বাগানে উৎপাদিত লেবু সহ অন্যান্য সব্জি নিজের সংসারের চাহিদা মিটিয়ে আত্মীয়-স্বজনের চাহিদা পূরণ করে এখন তিনি অতিরিক্ত উৎপাদিত কৃষিপণ্য বাণিজ্যিক ভিত্তিতে বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

আমাদের প্রতিবেদক আজ মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে সরেজমিনে তার বাগান পরিদর্শনে গেলে তিনি জানান, আমি একজন শিক্ষিত যুবক হয়ে প্রথমে চাকুরির পিছনে দৌড়াদোড়ি করতে থাকি। পরিশেষে কোন চাকরি না পেয়ে বাগান করার সিদ্ধান্ত নেই। পরে বাড়ির পাশেই প্রায় পাঁচ বিঘা জমিতে ১০০০টি কাগুজি লেবু, বিভিন্ন জাতের ১০০০ টি কলাগাছ, ৫০০০ টি উন্নত জাতের কচু রোপন করে তার পরিচর্যা করছি। গত দুই বছরে আমার সামান্য কিছু অর্থ উপার্জন হলেও এবছর আমার বাগানে উৎপাদিত লেবু বিক্রি করেই মাসে লাখ টাকা উপার্জন হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।

এ বিষয়ে তিনি আরো বলেন, যদি কারোর নিকট কোন পতিত জমি থাকে, সেখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় প্রশিক্ষণ নিয়ে আমার মত আধুনিক চাষাবাদের ফলে লেবুর বাগান ও সবজি চাষ করে সকলে স্বাবলম্বী হতে পারেন। এতে একদিকে যেমন বেকারত্ব ঘুচবে ঠিক তেমনিভাবে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সচেষ্ট হবে। কৃষিতে সমৃদ্ধ হবে আমাদের প্রিয় মাতৃভূমি।

সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.