
গোপালগঞ্জে মুজিববর্ষে আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে নির্মিত গৃহের উপকারভোগীদের আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে জেলা প্রশাসক শাহিদা সুলতানা'র দিকনির্দেশনায়, উপজেলা প্রশাসনের বাস্তবায়নে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরমধ্যে উপকারভোগীদেরকে আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে মাশরুম চাষে উদ্বুদ্ধ করা। কেননা দেশ-বিদেশে মাশরুমের ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়া মাশরুম একটি পুষ্টিকর খাবার হিসেবে ইতোমধ্যেই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

এ লক্ষ্যে বুধবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে, সদর উপজেলার উলপুর ইউনিয়নের মালেঙ্গা আশ্রয়ণ-২ প্রকল্পে মাশরুম প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা।

স্বাস্থ্যবিধি মেনে এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ সফিকুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আলাউদ্দিন, হরিদাসপুর ইউপি চেয়ারম্যান মুন্সী মকিদুজ্জামান, উলপুর ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল হাসান বাবুল, আশ্রয়ন প্রকল্প- এর উপকারভোগী মা ও বোনেরা সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।