
সাতক্ষীরায় চলমান বিশেষ লকডাউনের তৃতীয় সপ্তাহের পঞ্চম দিন বুধবার লোকজন সমাগমের মধ্যে দিয়েই শুরু হয়েছে। বুধবার সাতক্ষীরা ১৭৩ টি নমুনা পরীক্ষা করে ৬০ টি করোনা পজিটিভ হিসেবে সনাক্ত হয়েছে।

যার হার ৩৪ দশমিক ৭১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে মারা গেছে ৭জন। এনিয়ে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন মোট ৬৩ জন। আর ভাইরাসটির উপসর্গ নিয়ে বুধবার পর্যন্ত মারা গেছেন অন্ততঃ ২৮৭ জন। মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজেটিভে ভর্তি আছেন ২০ জন, বিভিন্ন ক্লিনিকে ভর্তি আছে ৩২জন। উপসর্গ নিয়ে ৩৫৯ জন। সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ২৪ জন। জনবল সংকটের কারণে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ও নার্সগন চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন।সকাল থেকে লকডাউন চলছে ঢিলঢালাভাবে।

জেলা শহর ও গ্রাম অঞ্চলের প্রায় প্রতিটি ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশিসহ নানা উপসর্গ নিয়ে ভুগছেন অধিকাংশ মানুষ। তাই লকডাউন সর্বাত্মক করতে পুলিশ চেক পোষ্টগুলোতে ডিউটি করছে। হাট বাজারে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যাটারী চালিত ভ্যান ও রিক্সা বন্ধ ঘোষণা করায় গরীব মানুষের হাহাকার বেড়েছে। ভ্যান রিক্সা বন্ধ হওয়ায় ইজিবাইক ও মহেন্দ্র চালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছেন। করোনা আক্রান্ত রোগী সদর হাসপাতাল একজনও না থাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।