
হিন্দু সম্প্রদায়ের এক কলেজ ছাত্রীকে অপহরণের পর ধর্মান্তরিত করে বিয়ে করার অভিযোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার খুলনা জেলার ডুমুরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শামীম আহমেদ শ্যামনগর উপজেলার নুরনগরের আলী আহসান গাজীর ছেলে।
জানা গেছে, গত ৩ এপ্রিল প্রধান শিক্ষক শামীম আহমেদ কাটুনিয়া রাজবাড়ি ডিগ্রি কলেজের এইচএসসি ১ম বর্ষের এক শিক্ষার্থীকে অপহরণ করে অজানার উদ্দেশ্য পাড়ি দেয়। গত ৭ এপ্রিল ফেসবুকে প্রধান শিক্ষক শামীম আহমেদ ও ওই কলেজ ছাত্রীকে খুলনার এক নোটারি পাবলিকের কার্যালয়ে বসে ধর্মান্তরিত হওয়া ও বিয়ে সংক্রান্ত নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করেছেন এমন ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ওই রাতেই মেয়েটির বাবা শামীম আহমেদ এর বিরুদ্ধে শ্যামনগর থানায় মেয়েকে অপহরণ ও ধর্মান্তরিত করার অভিযোগে মামলা দায়ের করেন। এ মামলায় শুক্রবার তথ্য প্রযুক্তি ব্যবহার করে খুলনার ডুমুরিয়া থেকে শামীম আহমদকে গ্রেফতার ও অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।
শুক্রবার দুপুরে শ্যামনগর থানায় সাংবাদিকদের বিফ্রিংকালে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহাইমনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, অপর একটি সূত্র জানায়, এটি প্রধান শিক্ষক শামীম আহমদের চতুর্থ বিয়ে। এ ঘটনায় তাকে স্কুল থেকে সাময়িক বহিষ্কারও করা হয়েছে।