
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণের লক্ষ্যে মুজিব শতবর্ষ উপলক্ষে দেশব্যাপী গৃহহীনদের মাঝে জমিসহ সেমিপাকা ঘর হস্তান্তরের ধারাবাহিকতায় গোপালগঞ্জ সদর উপজেলার ৫নং গোপীনাথপুর ইউনিয়নে সদ্য নির্মিত একশতটি সেমিপাকা ঘর সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে।
রোববার বিকালে উৎসবমুখর পরিবেশে স্বচ্ছতা নিরূপণে সকল সুবিধাভোগীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে একশত পরিবারের মাঝে এ ঘর হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে গণমাধ্যমকে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে তারই সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে চলেছেন। তিনি তার দূরদর্শীতায় বাংলাদেশকে স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করেছেন, এছাড়াও সহায়-সম্বলহীন প্রতিটি পরিবারকে জমিসহ সেমিপাকা ঘর উপহার দিয়ে লাখপতি করে বিশ্বে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। চলমান এ কার্যক্রমকে অব্যাহত রেখে পর্যায়ক্রমে আরো গৃহহীনদের মাঝে এ ঘর হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন গোপালগঞ্জ সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান।

এদিকে সদ্য নির্মিত সেমিপাকা ঘর বুঝে পেয়ে সুবিধাভোগীরা গণমাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আলাউদ্দিন, ৫ নং গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ আমিনুল হক লাচ্চু, ইউপি সচিব মোঃ দেলোয়ার হোসেন, ইউপি সদস্য (সংরক্ষিত) মোসাঃ পলি বেগম, মোসাঃ ঝর্না বেগম, মোসাঃ শাহানারা বেগম, ইউপি সদস্য (সাধারণ) কাজী রেজাউল ইসলাম, আছাদ শরীফ, হাজী বাবর আলী শরীফ, জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ, পল্লীঘর পাওয়া সুবিধাভোগীরা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পরে স্বপ্নের পল্লীঘর পাওয়া সকল সুবিধাভোগী সহ উপস্থিত সকলকে গোপীনাথপুর ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে মিষ্টিমুখ করানো হয়েছে।