আন্তর্জাতিক

বাইন্যান্সসহ ক্রিপ্টো এক্সচেঞ্জে হানা: উত্তর কোরিয়ার হ্যাকারদের তৎপরতা বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, কঠোর অর্থনৈতিক সংকট এবং প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সীমাবদ্ধতার কারণে উত্তর কোরিয়া আয়ের বিকল্প পথ হিসেবে সাইবার অপরাধকে বেছে নিয়েছে।

দেশটি এখন ডিজিটাল আর্থিক প্রতিষ্ঠান ও বড় ক্রিপ্টো এক্সচেঞ্জগুলোতে সাইবার হামলা চালিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। বিদেশি বিনিয়োগ ও বাণিজ্যেও আছে নানা বাধা।

সম্প্রতি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স থেকে ৬৩০ কোটি ডলারের বেশি সম্পদ চুরির ঘটনায় উত্তর কোরিয়ার হ্যাকারদের সংশ্লিষ্টতা আবারও আলোচনায় এসেছে। এই অর্থ তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ব্যবহারের গুরুতর অভিযোগ রয়েছে।

ব্লকচেইন বিশ্লেষণকারী প্রতিষ্ঠান চেইনঅ্যানালাইসিসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে উত্তর কোরিয়ার হ্যাকাররা অন্তত ২০০ কোটি ২০ লাখ ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে, যা আগের বছরের তুলনায় ৫১ শতাংশ বেশি। সব মিলিয়ে ২০২৫ সাল পর্যন্ত এই চক্রের চুরি করা সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৬৭৫ কোটি ডলারের বেশি। বিশ্লেষকদের মতে, হ্যাকাররা এখন ছোটখাটো চুরির পরিবর্তে বড় বড় আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থা ভেঙে বড় অঙ্কের অর্থ সরানোর দিকে ঝুঁকেছে। প্রতিষ্ঠানটির বিশ্লেষণে দেখা গেছে, আগের তুলনায় হামলার সংখ্যা কমলেও চুরি করা অর্থের পরিমাণ বেড়েছে। অর্থাৎ সিঁদেল চুরি নয়, উত্তর কোরিয়ার হ্যাকাররা এখন রীতিমতো পুকুর চুরিতে নেমেছে।

চুরি করা অর্থ প্রচলিত মুদ্রায় রূপান্তর করাই এই হ্যাকারদের জন্য বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্যে তারা একটি জটিল নেটওয়ার্ক ব্যবহার করে। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের গঠিত বহুপক্ষীয় নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ দল (এমএসএমটি) জানিয়েছে, চীন, রাশিয়া, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ভিয়েতনাম ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই অর্থ পাচার করা হয়। বিশেষ করে চীনের ওটিসি ব্যবসায়ীদের ওপর তারা বেশি নির্ভরশীল। এই প্রক্রিয়ায় ১৫টি চীনা ব্যাংকের সম্পৃক্ততা থাকার কথাও প্রতিবেদনে উঠে এসেছে।

চৌর্যবৃত্তির কৌশল হিসেবে প্রথমে চুরি করা ডিজিটাল সম্পদ একাধিক ডিজিটাল ওয়ালেটে পাঠানো হয়। এরপর বিভিন্ন ব্লকচেইন ও ক্রিপ্টো মিক্সার ব্যবহার করে অর্থের উৎস গোপন করা হয়। অবশেষে তৃতীয় কোনো দেশের মধ্যস্থতাকারীদের সহায়তায় তা ডলার বা অন্যান্য বৈদেশিক মুদ্রায় রূপান্তর করা হয়। এছাড়া, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সাইবার ইউনিট ‘লাজারাস গ্রুপ’ সরাসরি এসব কর্মকাণ্ড পরিচালনার সঙ্গে যুক্ত বলে একাধিক আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার ধারণা। এই গোষ্ঠীর বিরুদ্ধেই বাইবিট থেকে ১৫০ কোটি ডলারের ইথেরিয়াম চুরির অভিযোগ রয়েছে। বিশ্লেষকেরা বলছেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় উত্তর কোরিয়ার প্রবেশের সুযোগ সীমিত। যুক্তরাষ্ট্রভিত্তিক কৌশলগত গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) ২০২৬ সালের মার্চের বিশ্লেষণে বলা হয়েছে, প্রথমে চুরি করা ক্রিপ্টোকারেন্সি একাধিক ডিজিটাল ওয়ালেটে স্থানান্তর করা হয়। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি দেশ এই গোষ্ঠীকে উত্তর কোরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বলে চিহ্নিত করেছে।

সাইবার হামলার পাশাপাশি ভুয়া পরিচয়ে তথ্যপ্রযুক্তি কর্মী পাঠিয়েও বৈদেশিক মুদ্রা সংগ্রহ করছে উত্তর কোরিয়া। এমএসএমটির ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী, প্রায় দুই হাজার উত্তর কোরীয় কর্মী বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ভুয়া নথি ব্যবহার করে কাজ করছেন। এই কর্মীদের আয় ও অর্থ স্থানান্তরে সহায়তা করার অভিযোগে ১২ মার্চ ২০২৬ তারিখে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ছয় ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। চেইনঅ্যানালাইসিসের হিসাবমতে, ২০২৪ সালে এসব কর্মীর প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে দেশটি প্রায় ৮০ কোটি ডলার আয় করেছে। এমন পরিস্থিতিতে দেশটির জন্য বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন উৎস হয়ে উঠেছে সাইবার অপরাধ।

নিরাপত্তাব্যবস্থা ভাঙার ক্ষেত্রে হ্যাকাররা এখন আরও আধুনিক কৌশল অবলম্বন করছে। অনেক সময় প্রতিষ্ঠানের কর্মীদের ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে ক্ষতিকর সফটওয়্যার পাঠানো হয় অথবা পরিচয় জালিয়াতির মাধ্যমে সিস্টেমে প্রবেশাধিকার নিশ্চিত করা হয়। যদিও চুরি করা অর্থের পুরোটাই সামরিক খাতে ব্যয় হয় কিনা তার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি, তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে দেশটির বৈদেশিক মুদ্রা সংগ্রহের এই প্রচেষ্টা তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।